২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইগাতীতে বন্যা, পানিবন্দি ৫ হাজার মানুষ

কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় ঝিনাইগাতী উপজেলার প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

শেরপুর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় ঝিনাইগাতী উপজেলার প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যায় ছয়টি ইউনিয়নের কাঁচা বাড়িঘর, রাস্তা-ঘাট, ফসলসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে মহারশি, সোমেশ্বরী ও কালঘোষা নদীতীরে ভাঙন দেখা দেয়। উপজেলার নলকূড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৬ জুলাই থেকে হলদিগ্রাম, ফাকরাবাদ, শালচুড়া, বারোয়ামারীসহ বেশ কয়েকটি এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। রনজনা ঝোড়ার বাঁধ ভেঙ্গে মানিককুড়া, হলদিগ্রাম, জারুলতলা গ্রামের কয়েকশত ঘর-বাড়ি বিধ্বস্ত ও আমন বীজতলাসহ শাক-সবজি বাগানের ব্যাপক ক্ষতি হয়। কালঘোষা নদীর বাঁধ ভেঙ্গে ফুলহাড়ি ও ভালুকা গ্রামের কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গৌরীপুর ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ খোকা জানান, পাহাড়ী ঢলে এ ইউনিয়নের কৃষকদের বীজতলাসহ পুকুর তলিয়ে মৎস্য খামারের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। কালাকুড়া, মুনাকোসা, পূর্ব গজরীকুড়া, বনগাঁও ও চতলসহ ৭টি গ্রামের প্রায় দুই হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে। মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন জানান, তার ইউনিয়নের রাঙ্গামাটি, হাসলিপাতিয়া, মালিঝিকান্দা, বানিয়াপাড়া, খাটুয়াপাড়া, বারো টুকরি ও চকপাড়া গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। ধানশাইল ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানান, দুপুরীয়া, আইনাপুর, কারাগাঁও, বাগেরভিটা, কান্দুলী, দাড়িয়ারপাড়সহ বিভিন্ন গ্রামে আকস্মিক বন্যার পানি প্রবেশ করায় প্রায় এক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। তিনি বলেন, সোমেশ্বরী নদীর বাঁধ ভেঙ্গে শতাধিক একর ফসলি জমির ওপর বালুর স্তর পরে আবাদি জমি বিনষ্ট হয়েছে। কাংশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ সরকার বলেন, অবিরাম বর্ষণ ও পাহাড়ী ঢলের তোড়ে বেশ কিছু কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। কৃষকদের আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়। ঝিনাইগাতী সদর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন খান জানান, মাটিয়াপাড়া, চতল, আহম্মদ নগর, দরিকালীনগর, সারিকালিনগর, সুরিহারা, বালুরচরসহ বেশ কয়েকটি গ্রামের কৃষকদের পুকুরের মাছ, আমন বীজতলার ক্ষয়ক্ষতির পাশাপাশি দুই হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এলাকাগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, পানিবন্দি এলাকার লোকজন কলা গাছের ভেলা ও ডিঙ্গি নৌকাযোগে যাতায়াত করছে। বর্তমানে স্থানীয় পাহাড়ী নদ-নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হলেও নিম্নাঞ্চলগুলোতে বন্যার পানি প্রবেশ করায় অনেক রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দি মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। বন্যাকবলিত গ্রামবাসীরা জানায়, পানিবন্দি এলাকাগুলো পরিদর্শনে এখনো কোনো জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তা আসেননি। অবশ্য ঝিনাইগাতী উপজেলার চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকা পরিদর্শন করেছেন এবং ব্যক্তিগতভাবে বেশকিছু দুর্গত মানুষকে আর্থিক সহায়তা দেন। উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২১৫৪ ঘ.