২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনে ৭৭ মামলায় দুদকের অভিযোগপত্র

জুন মাসে ৭৭টি মামলার অভিযোগপত্র দাখিলের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে দুইজন সাবেক সংসদ সদস্যও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 01:50 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুন মাসে ৭৭টি মামলার অভিযোগপত্র দাখিলের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে দুইজন সাবেক সংসদ সদস্যও রয়েছেন। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে এক প্রেস বিফিংয়ে এ কথা জানান কমিশনের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী। তিনি বলেন, জুন মাসে এসব মামলায় মোট ১২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে সরকারি কর্মকর্তা ৪৫জন, জনপ্রতিনিধি ২০জন, বেসরকারি চাকরিজীবীসহ অন্যান্য পেশার ৪৮ জন রয়েছেন। উল্লেখযোগ্য কয়েকটি মামলার প্রধান অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম ও হাফিজ ইব্রাহিম এবং তার স্ত্রী মাফরুজা সুলতানা। অধ্যাপক শহীদুলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ৫৬ লাখ ৪৯ হাজার ১৪৪ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং এক কোটি ৩০ লাখ ৯২ হাজার ৮৪৪ টাকার জ্ঞাত আয় বহির্র্ভূত সম্পদ অর্জন। হাফিজ ইব্রাহিম এবং তার স্ত্রী মাফরুজা সুলতানার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, সিমেন্স বাংলাদেশ লিমিটেডকে অবৈধভাবে কাজ পাইয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের কাছ থেকে ঘুষ বাবদ এক লাখ ৭৫ হাজার মার্কিন ডলার গ্রহণ এবং সিঙ্গাপুরস্থ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে পাচার। বিগত মাসে কমিশন ২১টি মামলা দায়েরের অনুমতি দিয়েছে বলেও জানান ফয়জুর রহমান। এর মধ্যে সরকারি কর্মকর্তা ১৭ জন, ব্যবসায়ী ৮ জন এবং অন্যান্য ১৩ জন। একটিতে ১৭ লাখ ৮ হাজার ১৪৫ মার্কিন ডলার মুদ্রা পাচারের অভিযোগ আনা হয়েছে সাবেকমন্ত্রী আমিনুল হক এবং আর্কেডিয়া গ্লোবের মিজানুর রহমানের বিরুদ্ধে। সচিব বলেন, গত মাসে কমিশনে নয়শ’ ৬২টি অভিযোগ এসেছে। এর মধ্যে ৬৬টি অভিযোগ কমিশনে গৃহীত হয়েছে। ২৬টি অভিযোগ আইনুনগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগে পাঠানো হয়েছে। আর কমিশনের তফসিলভুক্ত না হওয়ায় এবং সুনির্দিষ্ট তথ্য উপাত্ত না থাকায় ৮৭০টি অভিযোগ গ্রহণ করা হয়নি। গত মাসে পাঁচটি মামলা নিষ্পত্তি, দুইটি মামলায় সাজা এবং তিনটি মামলায় খালাস দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/১৯৪৭ ঘ.