২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি’র নৃবিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের তালা

ফলাফল প্রকাশ ও পরীক্ষার সময়সূচির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 02:30 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফলাফল প্রকাশ ও পরীক্ষার সময়সূচির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ ও স্নাতকোত্তর প্রথম পর্বের পরীক্ষার সময়সূচির দাবিতে ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সোমবার সকালে নৃবিজ্ঞান বিভাগে তালা ঝুলিয়ে বিভাগীয় প্রধানের কক্ষের সামনে অবস্থান নেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, গত বছরের জুলাই মাসে তাদের স্নাতক চূড়ান্ত পর্বের পরীক্ষা শেষ হলেও এর ফল এখনো প্রকাশ করা হয়নি। ইতোমধ্যে তারা স্নাতকোত্তর প্রথম পর্বের ক্লাসও শেষ করেছেন। কিন্তু ¯œাতক চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থীরা স্নাতকোত্তর প্রথম পর্বের পরীক্ষায় অংশ নিতে পারছেন না। পরে বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের দাবি এক সপ্তাহের মধ্যে পূরণের প্রতিশ্র“তি দিলে দুপুর সাড়ে ১২টায় তারা অবস্থান কর্মসূচি শেষ করে বিভাগের তালা খুলে দেয়। বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষার সব কাগজপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে পাঠিয়ে দিয়েছেন। তবু কেন ফল প্রকাশ করা হচ্ছে না তা তার বোধগাম্য নয়। তবে বিভাগের কিছু শিক্ষকের ইন্ধনে শিক্ষার্থীরা তালা ঝুলিয়েছে বলে অনুমান করেন বিভাগীয় প্রধান। তবে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মোখলেছুর রহমান, এ এফ এম জাকারিয়াসহ বেশ কয়েকজন শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাইনর কোর্সের ফলাফল যথাসময়ে প্রকাশিত না হওয়ায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। বিভাগীয় প্রধান ফলাফল বিলম্বের আসল কারণ শিক্ষার্থীদের না জানিয়ে তাদের অন্ধকারে রেখেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২০২৯ ঘ.