ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিশ্বনাথ উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের ওপর হাই কোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা একটি আবেদনে শুনানি করে রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৭ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
আদালত একইসঙ্গে চার সপ্তাহের মধ্যে হাই কোর্টে রুল শুনানি করতে বলেছে। গত ৪ জুলাই হাই কোর্ট রুল জারির পাশাপাশি বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করে।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং ছয় চেয়ারম্যানের পক্ষে ব্যরিস্টার মওদুদ আহমদ শুনানি করেন।
এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত ২৩ এপ্রিল সংঘর্ষ, ভাংচুর ও আগুন দেওয়ার মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় বিএনপি নেতার এলাকা বিশ্বনাথ উপজেলার সাত ইউপি চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এর পরিপ্রেক্ষিতে ২ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা পৃথক নোটিসে সাতজনকে বরখাস্ত করেন।
বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন- বিশ্বনাথ ইউনিয়নের (বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি) মো. জালাল উদ্দিন, অলংকারী ইউনিয়নের (বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) মো. লিলু মিয়া, লামাগাজী ইউনিয়নের (বিশ্বনাথ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক) মো. কবির হুসেন (ধলা মিয়া), খাজাঞ্চি ইউনিয়নের (উপজেলা জামায়াতের নায়েবে আমির) মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, দেওকলস ইউনিয়নের (বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি) মো. তাহিদ মিয়া, দৌলতপুর ইউনিয়নের (বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি) মো. আব্বাস আলী ও দশঘর ইউনিয়নের চেয়ারম্যান শফিক উদ্দিন আহমদ।
তবে শফিক উদ্দিন আহমদ রিট আবেদন না করায় তার বরখাস্তের ওপর কোনো আদেশ দেয়নি হাই কোর্ট।
পৃথক ছয়টি রিটের সংক্ষিপ্ত শুনানি করে গত ৪ জুলাই বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি একেএম সাহিদুল হকের অবকাশকালীন বেঞ্চ তিন মাসের জন্য বরখাস্তের আদেশ স্থগিত করে দেয়।
তাদের বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেই রুলও দেয় আদালত।
চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, একই মন্ত্রণালয়ের উপ-সচিব, সিলেটের জেলা প্রশাসক, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
হাই কোর্টের এই আদেশে স্থগিতাদেশ চেয়ে গত ১১ জুলাই চেম্বার বিচারপতির আদালতে আবেদনে করে রাষ্ট্রপক্ষ। চেম্বার বিচারপতি আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭৩৮ ঘ.
bdnews24