সাভার, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি দখল, ভাংচুর ও হত্যার হুমকির অভিযোগে সাভারের আমিনবাজারের ‘পিংক সিটি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পাঁচ দিন পর রোববার দুপুরে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন ‘শেয়ার অ্যান্ড কেয়ার গ্রুপ কোম্পানি’র এস্টেট কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
মামলায় পিংক সিটি ফুডের চেয়ারম্যান এম সালাহ উদ্দিন (৪৫), কর্মকর্তা রেজাউল করিম (৩৮), লিমন (২৭)সহ অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানায়।
শুক্রবারই পিংক সিটি ফুড ইন্ডাস্ট্রিজ যাত্রা শুরু করে। এর উদ্বোধন করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক।
সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমিনবাজারের কাউন্দিয়া মৌজায় ১৫১ শতাংশ জমি পিংক সিটি দখলের চেষ্টা করছে বলে শেয়ার অ্যান্ড কেয়ার গ্রুপ কোম্পানির অভিযোগ।
এই ঘটনায় ৯ জুলাই সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে শেয়ার অ্যান্ড কেয়ার। ওই জিডি করার পর রাতে জমি দখলের চেষ্টা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
মামলায় বলা হয়, ৯ জুলাই মধ্যরাতে এম সালাহ উদ্দিনের নেতৃত্বে রেজাউল করিম, লিমনসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন লাঠিসোঁটা, শাবল নিয়ে ওই জমি দখল করতে যায়। মারধর করা হয় কেয়ারটেকার ফারুক হোসেন ও মো. শাহজাহানকে। দুটি ঘর ও সীমানা প্রাচীর ভেঙে নিয়ে যাওয়ায় হয় মালামাল।
শেয়ার অ্যান্ড কেয়ারের এই অভিযোগের বিষয়ে পিংক সিটি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (বিপণন) কাজী নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ধরনের অভিযোগ ভিত্তিহীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২৩০৫ ঘ.
bdnews24