২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ সম্মেলন: হট্টগোলের পর গণভবনে নেতারা

আওয়ামী লীগের সহযোগী যুব সংগঠন যুবলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোলের পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গেছেন জ্যেষ্ঠ নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সহযোগী যুব সংগঠন যুবলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোলের পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গেছেন জ্যেষ্ঠ নেতারা। শনিবার বিকেলে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সংগঠনের ষষ্ঠ কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে হৈ চৈ শুরু হয়। অধিবেশনে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক জানান, বিকেল সাড়ে ৪টায় দ্বিতীয় অধিবেশনের শুরুতে কমিটি গঠনের বিষয় নিয়ে বৈঠকে বসেন যুবলীগ নেতারা। প্রায় দুই ঘণ্টা বৈঠক করে সাড়ে ৬টার দিকে তারা বেরিয়ে আসেন। এ সসময় যুবলীগের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক মঞ্চে উপস্থিত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বৈঠকে সর্বসম্মতিক্রমে কমিটি গঠনের দায়িত্ব আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেওয়া হয়েছে। নেত্রী সব কিছু ঠিক করবেন। তার ঘোষণার পর পরই নেতাকর্মীরা কমিটি না পেয়ে হট্টগোল শুরু করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের অনেককেই মির্জা আজমের নামে স্লোগান দিতে দেখা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা আজম মঞ্চে উপস্থিত হয়ে তাদের শান্ত হওয়ার অনুরোধ করে বলেন, “যুবলীগের গঠনতন্ত্র অনুযায়ী আমি যুবলীগে থাকতে পারি না। তবে আপনাদের এই ভালবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ভালো নেতৃত্ব পাবেন আশা করি। ” পরে সন্ধ্যা ৭টার দিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও মির্জা আজম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান। কয়েক মিনিট বাদে নানকও যান গণভবনে। ১৯৭২ সালের ১১ নভেম্বর শেখ ফজলুল হক মনিকে চেয়ারম্যান ও নূরে আলম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। পরে ১৯৭৪ সালে যুবলীগের প্রথম কংগ্রেসে ওই দুই জনই চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৭৮ সালে দ্বিতীয় কংগ্রেসে আমির হোসেন আমু চেয়ারম্যান ও ফকির আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক, ১৯৮৬ সালে তৃতীয় কংগ্রেসে মোস্তফা মহসিন মন্টুকে চেয়ারম্যান ও ফুলু সরকারকে সাধারণ সম্পাদক, ১৯৯৪ সালে চতুর্থ কংগ্রেসে শেখ ফজলুল করিম সেলিম চেয়ারম্যান ও কাজী ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সর্বশেষ ২০০৩ সালে পঞ্চম কংগ্রেসে জাহাঙ্গীর কবির নানককে চেয়ারম্যান এবং মির্জা আজমকে নির্বাচিত করা হয় সাধারণ সম্পাদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২০৩৩ ঘ.