সিলেট, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে আগুন দেওয়ার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে আসার মধ্যেই শিক্ষামন্ত্রী নুুরুল ইসলাম নাহিদ বলেছেন, এতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
আগুনে ক্ষতিগ্রস্ত মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে বৃহস্পতিবার যান শিক্ষামন্ত্রী। নিজের কলেজের পুড়িয়ে দেওয়া কক্ষের সামনে দাঁড়িয়ে হতবাক হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে কাঁদতেও দেখা যায় তাকে।
শিক্ষামন্ত্রীর পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের পুড়িয়ে দেওয়া ছাত্রাবাস ঘুরে দেখেন। মুহিত ও নাহিদ দুজনই সিলেটের সংসদ সদস্য। নাহিদ পড়াশোনা করেছেন এমসি কলেজে, থেকেছিলেন ওই ছাত্রাবাসেই।
রোববার সন্ধ্যায় সরকার সমর্থক ছাত্রলীগ জামায়াতে ইসলামী সমর্থিত ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত ছাত্রাবাস নিজেদের নিয়ন্ত্রণে নিতে গেলে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে এমসি কলেজ ছাত্রাবাসের চারটি ভবনের শতাধিক কক্ষে আগুন দেওয়া হয়।
এতে ৪২টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ৭০টির মতো কক্ষ। পুড়ে যায় শিক্ষার্থীদের বই-খাতা, কম্পিউটার, আসবাবপত্র।
ছাত্রবাসে আগুন দেওয়ায় জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনকে কঠোর নির্দেশ দেন দুই মন্ত্রী।
বিকালে ছাত্রাবাসে গিয়ে ঘুরে ঘুরে পুড়ে যাওয়া সবকটি ব্লক দেখেন নাহিদ। তিনি সাংবাদিকদের বলেন, “আগুন দেওয়ার সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না।”
সংঘর্ষ ও ছাত্রাবাসে আগুন দেওয়ার ঘটনা তদন্তে কলেজ কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি করেছে। এছাড়া ছাত্রলীগের এক কর্মী শতাধিক শিবিরকর্মীকে আসামি করে একটি মামলা করেছেন। কলেজ কর্তৃপক্ষও একটি মামলা করেছে।
শিক্ষামন্ত্রী বলেন, “তদন্তে গাফিলতি হলে প্রয়োজনে তাদের (তদন্তকারী) বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পুনরায় তদন্ত কমিটি গঠন করা হবে।”
এমসি কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮৯২ সালে। আর ছাত্রাবাসটি প্রতিষ্ঠিত হয় ১৯২০ সালে।
প্রায় শতবর্ষী এ ছাত্রাবাসটির পুরনো আদল রেখেই সংস্কারের পরিকল্পনা ছিল জানিয়ে হতাশ কণ্ঠে নাহিদ বলেন, “ছাত্রাবাসটিকে ওয়ার্ল্ড হেরিটেজে রূপান্তরের চিন্তাভাবনা ছিল। কিন্তু কিছু বিপথগামী ছাত্রের কারণে তা আর সম্ভব হল না।”
শিক্ষামন্ত্রীর পর ছাত্রাবাস পরিদর্শনে আসেন অর্থমন্ত্রী।
দুই মন্ত্রীর পরিদর্শনের সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, এমসি কলেজের অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী দুপুরে বিয়ানীবাজারে সিলেট গ্যাস ফিল্ডের সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের আওতায় বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার ২৮০ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/এমআই/২৩২৪ ঘ.
bdnews24