২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কেন্দ্রীয় কারাগারের জাদুঘর উন্মুক্ত করা হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানিয়েছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করার পর বর্তমান কারাগারের ভেতরে নির্মিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং চার নেতা স্মৃতি জাদুঘর জনগণের দেখার জন্য খুলে দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 11:34 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

গাজীপুর, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানিয়েছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করার পর বর্তমান কারাগারের ভেতরে নির্মিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং চার নেতা স্মৃতি জাদুঘর জনগণের দেখার জন্য খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন উপলক্ষে এক অলোচনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, “ঢাকার কেন্দ্রীয় কারগারকে স্থানান্তর করার জন্য কেরানীগঞ্জে নতুন কারাগার নির্মাণের কাজ এগিয়ে চলছে। আগামী বছর জুনে এ কাজ শেষ হওয়ার কথা। কেন্দ্রীয় কারাগার স্থানান্তর হলে এখানকার কারাগারের ভেতরে নির্মিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং চারনেতা স্মৃতি জাদুঘর জনগণের জন্য খুলে দেওয়া হবে।” বর্তমানে কারাগারকে সংশোধনাগার ও পুনর্বাসন কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয় উল্লেখ করে সাহারা খাতুন বলেন, কারাগার থেকে মুক্তির পর একজন বন্দি যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারেন, সেজন্য গার্মেন্ট শিল্পসহ বিভিন্ন ব্যবসা কেন্দ্রে বন্দিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। “একজন অপরাধী কারাগার থেকে বের হয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যাবে, সমাজে পুনর্বাসিত হবে এটাই আমাদের প্রত্যাশা। এ সরকারের আমলে সর্বমোট ১৪ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।” কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, পুলিশ ও ফায়ার ব্রিগেডের মতো কারা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদেরও ঝুঁকি ভাতা দেওয়া হচ্ছে। পরে হাই সিকিউরিটি কারাগারের সামনে দুটি গাছের চারা রোপণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারারক্ষক আব্দুর রাজ্জাক জানান, ৬ তলা ১০টি ভবনের এ কারাগারে ১ হাজার হাজার রাখার সুযোগ রয়েছে। প্রায় ৭৬ কোটি টাকা ব্যয়ে এ কারাগারের নির্মাণকাজ গত ফেব্রুয়ারি মাসে শেষ হয়। কারা মহাপরিদর্শক আশরাফুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোস্তফা আহাম্মেদ, সাবেক সাংসদ কাজী মোজাম্মেল হক, টঙ্গীর পৌর মেয়র আজমত উল্লাহ খান, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ দিলরুবা খান, গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭২৫ ঘ.