ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকক ও বরিশাল রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ।
মঙ্গলবার প্রতিষ্ঠানের বিপণন বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানান, আগামী আগস্ট মাস থেকে ঢাকা-ব্যাংকক এবং ঢাকা-বরিশালে ফ্লাইট চালু হতে পারে। ইউনাইটেড এয়ারওয়েজের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে এ দুটো রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।
এছাড়াও চলতি বছরের শেষের দিকে ঢাকা-ইয়াংগুন, ঢাকা-দোহা এবং ঢাকা-করাচি রুটে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
আন্তর্জাতিক রুটে ঢাকা থেকে জেদ্দা, দুবাই, মাস্কট, কুয়ালালামপুর ও কোলকাতা এবং চট্রগ্রাম থেকে মাস্কট এবং কোলকাতায় নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউনাইটেড এয়ারওয়েজ।
অন্যদিকে, অভ্যন্তরীন রুটে ঢাকা থেকে চট্রগ্রাম, যশোর, সিলেট, রাজশাহী এবং সৈয়দপুরে ফ্লাইট চালু রয়েছে।
বর্তমানে বেসরকারি এ প্রতিষ্ঠানটিতে দুটি ড্যাস ৮-১০০, দুটি এটিআর-৭২, তিনটি এমডি-৮৩ এবং দুটি এয়ারবাস-৩১০ মডেলের উড়োজাহাজ রয়েছে।
ঢাকা-সিলেট রুটে ফ্লাইট চালুর মধ্য দিয়ে ২০০৭ সালের ১০ জুলাই ইউনাইটেড এয়ারওয়েজের যাত্রা শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৪১০ ঘ.
bdnews24