ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েক দিন আগে সড়ক দুর্ঘটনায় আহত এক ছাত্রের মৃত্যুর খবরে রাজধানীর গুলশান এলাকায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
ভাটারা থানার ওসি জিয়াউজ্জামান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনায় বসুন্ধরা আবাসিক এলাকার প্রবেশমুখে এক স্কুলছাত্রী আহত হয়েছে।
ওসি জানান, গত ১ জুলাই নর্দা বিশ্বরোড সড়কে আশিস নামে ক্যামব্রিয়ান কলেজের এক ছাত্র বাসের ধাক্কায় আহত হন। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তার মৃত্যু হয়।
এ খবর পেয়ে মঙ্গলবার সকালে রাস্তায় নামে ওই কলেজের বিক্ষুব্ধ ছাত্ররা। তারা বসুন্ধরা গেইট ও আশেপাশের গলিতে এলোপাতাড়িভাবে কযেকটি গাড়ি ভাংচুর করে বলে ওসি জানান।
পরে পুলিশ ঘটনাস্থলে গেলে ছাত্ররা সেখান থেকে সরে যায় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৪২৫ ঘ.
bdnews24