২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের নির্দেশনা আদালতেই উপেক্ষিত

জনস্বার্থে দেওয়া আদালতের রায় ও আদেশের বাস্তবায়ন নিশ্চিত করতে একটি তদারকি সেল করতে বলেছিল হাই কোর্ট। কিন্তু গত ১১ বছরেও সে নির্দেশনা বাস্তবায়ন করেনি সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ। সুলাইমান নিলয়ের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 04:32 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

সুলাইমান নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনস্বার্থে দেওয়া আদালতের রায় ও আদেশ ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কি না- তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষকে একটি তদারকি সেল করতে বলেছিল হাই কোর্ট। আদালতের সেই নির্দেশনা গত ১১ বছরেও বাস্তবায়িত হয়নি। ‘কার্যকর’ আইন থাকার পরও বারবার ফুটপাত অবৈধ দখলে চলে যাওয়ায় ২০০১ সালের ১১ ফেব্রুয়ারি ‘জনস্বার্থে’ বেশ কিছু নির্দেশনা দেয় উচ্চ আদালত। হাই কোর্টের তৎকালীন বিচারপতি আবু সাঈদ আহাম্মেদ ও বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ওই রায়ে জনস্বার্থের সব রায় ও আদেশ বাস্তবায়নে এই তদারকি সেল গঠন করতে বলেন। কিন্তু সেল গঠনের নির্দেশনার পাশাপাশি রায়ে দেওয়া অন্য আদেশগুলোও উপেক্ষিত রয়ে গেছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম বলেছেন, ওই রায়ের বিষয়ে তিনি জানেনই না। ফুটপাথ ও চলাচলের পথ পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে সংশ্লিষ্টদের আইনগত বাধ্যবাধকতা পালনে ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে ব্যারিস্টার ওমর সাদাতের করা একটি রিট আবেদনে ওই রায় দিয়েছিল হাই কোর্ট বেঞ্চ। মামলায় বাদীপক্ষে শুনানি করেন রিটকারী নিজেই। রাষ্ট্রপক্ষে ছিলেন তখনকার সহকারী অ্যাটর্নি জেনারেল প্রবীর নিয়োগী। গণপূর্ত সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও পুলিশ মহাপরিদর্শকের পাশাপাশি ঢাকার জেলা প্রশাসক, ঢাকা মেট্রোপলিটনের সব থানার ওসিকেও বিবাদীর তালিকায় রাখা হয়েছিল ওই মামলায়। রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট একটি রুল জারি করে, যাতে ঢাকা সিটি ম্যানুয়াল-১৯৮২ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬ অনুসারে ব্যবস্থা নিতে বিবাদীদের কেন নির্দেশনা দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়। শুনানি শেষে আদালত ওই রুল যথাযথ রেখে রায় দেয়। রায়ে বেশ কিছু পর্যবেক্ষণ ও আদেশও দেওয়া হয়। রায়ে বলা হয়, “ভারতে জনস্বার্থে দায়ের করা মামলার রায় তদারকি করতে একটি সেল খোলা হয়েছে। একই ধরনের মামলায় দেওয়া আদেশ বাস্তবায়নে যথাযথ দৃষ্টি দেওয়ার প্রয়োজনীয়তা থাকলেও সেটি আমাদের দেশে হয়নি। “মাননীয় প্রধান বিচারপতি দয়া করে জনস্বার্থে দেওয়া (পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন) উচ্চ আদালতের রায় ও আদেশ বাস্তবায়ন নজরদারি করতে একটি তদরকি সেল গঠনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশনা দেবেন।” ফুটপাত নিয়ে মূল আবেদনের বিষয়ে রায়ে বলা হয়, ঢাকা শহরে পথচারীদের ‘সহজ ও মুক্ত’ চলাচল নিশ্চিত করতে ‘স্পষ্ট ও কার্যকর’ আইন থাকলেও বিবাদীদের অবহেলা ও নিষ্ক্রিতায় তা বাস্তবায়ন হয়নি। “আইনের মূলনীতিসমূহ সতর্কতা ও মনোযোগের সঙ্গে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, ফুটপাথ ও মানুষের চলাচলের পথ দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বা রাস্তা, সড়ক, ফুটপাত ও চলচলের পথে নির্মাণ সামগ্রী ফেলে রাখা বা জমা করে রাখার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিবাদীদের হাত সন্দেহাতীতভাবে বেশ লম্বা। “কিন্তু বর্ণিত দায়িত্ব ও আইনগত বাধ্যবাধকতা পালনে তাদের মধ্যে প্রমাণিত ব্যর্থতা দেখা যাচ্ছে।” ফুটপাতের ‘দরিদ্র’ হকারদের সরকার ক্রমান্বয়ে পুনর্বাসন করতে পারে বলেও রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়। রায়ে আদালত বলে, ঢাকার ফুটপাথ ও চলাচলের পথকে জনসাধারণের ব্যবহার এবং পথচারীদের জন্য অবশ্যই পরিচ্ছন্ন এবং উন্মুক্ত রাখতে হবে। অবৈধ স্থাপনা অপসারণে বিবাদীদের পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সড়কের ফুটপাথ ও চলাচলের পথে নির্মাণ সামগ্রী রাখা বন্ধ করতে হবে। রিটকারী ব্যারিস্টার ওমর সাদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই আদেশের বিরুদ্ধে আপিল হয়নি। ফলে রায়টি সংশ্লিষ্টদের প্রতি বাধ্যতামূলক হয়ে গেছে। রায়ে জনস্বার্থ মামলার ক্ষেত্রে একটি যুগান্তকারী নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো- ১১ বছর হয়ে গেলেও সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ নির্দেশনাটি বাস্তবায়ন করেনি।” “ফুটপাথে পথচারীদের অধিকারও উপেক্ষিত রয়ে গেছে”, যোগ করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কখন এ ধরনের রায় হয়েছে। আমি জানি না। এ বিষয়ে মন্তব্য করতে হলে জেনে করতে হবে।” জনস্বার্থ মামলার রায় বাস্তবায়নে তদারকি সেল গঠনের কোনো উদ্যোগ আছে কি না জানতে চাইলে রেজিস্ট্রার বলেন, এ ধরনের কোনো উদ্যোগের কথাও তার জানা নেই। দেশে জনস্বার্থে দায়ের করা রিট আবেদনে প্রথম রায় পেয়েছিল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। এ সংস্থার আইনজীবী ইকবাল কবির লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের রায় অনুসারে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড় কাটা নিষিদ্ধ। এরপরও পাহাড় কাটা অব্যাহত রয়েছে। এবারও বহু লোক পাহাড় ধসে মারা গেল। রায় বাস্তবায়ন না হওয়ায় আমরা আদালত অবমাননার অভিযোগ আনব বলে ভাবছি।” লিটনও মনে করেন, রায় বাস্তবায়নে তদারকি সেল থাকলে ‘ভালো ফল’ পাওয়া যেত। “ওমর সাদাতের ওই মামলা ছাড়াও আরো কয়েকটি মামলার পর্যবেক্ষণে এ ধরনের মনিটরিং সেল করার কথা এসেছে। আর আদালতের পর্যবেক্ষণও এক ধরনের নির্দেশনা”, বলেন তিনি। জনস্বার্থ মামলার আলোচিত আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাদ্যে রাসায়নিক মিশানো, সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক স্থাপনা রক্ষা, পশুর জবাইয়ের কেন্দ্রীয় জবাইখানা স্থাপন- ইত্যাদি বিষয়ে মামলা করে তারা রায় নিজেদের পক্ষে পেয়েছেন, কিন্তু অনেক ক্ষেত্রেই রায়ের বাস্তবায়ন হয়নি। “এক্ষেত্রে সুপ্রিম কোর্ট মনিটরিং সেল করার চেয়ে মামলাকারীদের মনিটরিংই গুরুত্বপূর্ণ। রায় বাস্তবায়ন না হলে তারা আদালত অবমাননার অভিযোগ আনতে পারেন।” ওমর সাদাতের মামলার রায়ে আদালত ‘যে ভাষায়’ তদারকি সেল করতে বলেছে, তাকে আদেশ না বলে সুপ্রিম কোর্টের প্রতি ‘অনুরোধ’ বলার পক্ষপাতী এই আইনজীবী। এ বিষয়ে জানতে চাইলে সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার আদালতেও জনস্বার্থ মামলা হয়। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে এসব দেশে জনস্বার্থ মামলার প্রবণতা দ্রুত গতিতে বাড়ছে। “কিন্তু বিচার বিভাগতো আর কাজ করে দেবে না। প্রশাসনকেই নির্দেশ দিতে হয়- তুমি এটা কর।” তিনি জানান, লন্ডনের এক ছাত্রী তার পিএইচডির থিসিসে দেখিয়েছেন, ভারতের আদালত জনস্বার্থ মামলায় যেসব রায় দিয়েছে তার ৯০ শতাংশই পালন হয়নি। “ভারতের সুপ্রিম কোর্ট জনস্বার্থ মামলার রায় মনিটরিং করার জন্য কয়েকজন বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন। বিচার কাজের বাইরে সেখানকার বিচারপতিরা এই যে অতিরিক্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। তাতে কাজের কাজ কতটুকু হয়েছে- এটা নিয়েও গবেষণা দরকার।” তবে কর্তৃপক্ষের ‘রাজনৈতিক সদিচ্ছা’ তৈরি না হলে এবং প্রশাসনকে জনস্বার্থ মামলার নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনে উদ্বুদ্ধ করা না গেলে কোনো চেষ্টাতেই ফল হবে না বলে মনে করেন সাবেক এই প্রধান বিচারপতি। বাংলাদেশে জনস্বার্থ মামলার যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে। এই সময়ের মধ্যে বিভিন্ন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ও ব্যক্তি জনস্বার্থে কয়েক হাজার রিট আবেদন করেছেন। এর মধ্যে অনেক মামলার চূড়ান্ত রায়ও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১০৩০ ঘ.