ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ আখতার হোসেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা প্রলয় জোয়ার্দ্দার সম্প্রতি অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদে পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে যোগ দেন। এতে পদটি শূন্য হয়।
এছাড়া পৃথক আদেশে আরো পাঁচ উপসচিবকে প্রশাসনের বিভিন্ন পদে বদলি ও নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আসমা নাসিরউদ্দিনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ও সালেহা আফরোজকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব শাহানা আখতারকে একই পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
দুইজন উপসচিবকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তা (জেডএসও) পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এদের মধ্যে বিদ্যুৎ বিভাগের একেএম খায়রুল আলমকে টাঙ্গাইল এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাবিবুর রহমানকে জামালপুর আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৯০৬ ঘ.
bdnews24