চট্টগ্রাম, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএসটিআইয়ের নিবন্ধন ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুতের অপরাধে চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে নগরীর ডবলমুরিং থানা এলাকার ওই দুই প্রতিষ্ঠানকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবদীন এ জরিমানা করেন।
প্রতিষ্ঠান দুটি হলো- ডবলমুরিং থানার পশ্চিম মাদারবাড়ী এলাকার মেসার্স প্রগতী বেকারী অ্যান্ড কনফেকশনারি ও মাস্টার বেকারি অ্যান্ড কনফেকশনারি।
বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ইনস্টিটিউটের (বিএসটিআই) সহকারী পরিচালক কে এম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএসটিআই’র নিবন্ধন ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই ও চানাচুর প্রস্তুত করে আসছিল প্রগতী বেকারি অ্যান্ড কনফেকশনারি।
এছাড়া ওই প্রতিষ্ঠানের তৈরি সেমাইয়ের প্যাকেটে বিক্রয় মূল্যও না থাকায় তাদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রতিষ্ঠানের মালিককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে একই কারণে ওই এলাকার মাস্টার বেকারি অ্যান্ড কনফেকশনারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এ প্রতিষ্ঠানের মালিককেও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে কে এম হানিফ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৭৩৯ ঘ.
bdnews24