মিন্টু চৌধুরী
জ্যেষ্ঠ প্রতিবেদক
চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ের আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ঢোকার পথেই স্থাপন করা হয়েছে একটি স্মৃতিস্তম্ভ, যেটি এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি।
প্রতিদিনই বিদ্যালয়ে যাওয়া আসার পথে শিক্ষক-শিক্ষার্থী সবাই একবার থমকে দাঁড়ান এই স্মৃতিস্তম্ভের সামনে, হয়ে পড়েন আবেগ ভারাক্রান্ত। অনেকেই নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেলেন।
তাদের স্মৃতিতে ভেসে ওঠে ঠিক এক বছরের আগের সেই ভয়াবহ দুর্ঘটনায় হারানো তাদের বন্ধু, ভাই বা ছাত্রদের ছবি।
‘আবেগ’ নামে নির্মিত এ স্মৃতিস্তম্ভ আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আবু তোরাব এলাকার মানুষের মধ্যে গভীর আবেগ তৈরি করেছে, যা সেখানে গিয়ে দেখা যায়।
গত বছরের ১১ জুলাই মিরসরাই উপজেলার বড়তাকিয়া-আবু তোরাব সড়কের সৈদালী এলাকায় একটি মিনি ট্রাক উল্টে ৪৪ স্কুলছাত্রসহ ৪৫ জন নিহত হয়। এর মধ্যে আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীই ৩৩ জন, যারা ফুটবল খেলা দেখে ফিরছিল।
মর্মান্তিক ওই দুর্ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার পরদিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রতিশ্রুতি দেন।
নিহত স্কুলছাত্রদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক সৈয়দ সাইফুল কবীরের নকশায় ‘আবেগ’ স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে।
এতে দুর্ঘটনায় নিহত ৪৫ শিক্ষার্থীদের ছবি ও তাদের নাম রয়েছে। সোমবার সকালে শিল্পমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করবেন বলে আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
রোববার দুপুরে আবু তোরাব বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মধ্যাহ্ন বিরতিতে ছাত্র-ছাত্রীরা যাওয়া-আসার পথে একবার থমকে দাঁড়াচ্ছেন ওই ভাস্কর্যের সামনে। ভাস্কর্যে খোদাই করা ছবিগুলো দেখে অনেকে নিজেদের সামলাতে পারছিলেন না।
তেমনই একজন স্কুলের দশম শ্রেণীর ছাত্র আসাদ উদ্দিন। তার ছোটভাই স্থানীয় আবু তোরাব প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র রিয়াজ উদ্দিন ওই দুর্ঘটনায় মারা যায়।
আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার পর থেকে অনেকদিন ছোটভাইয়ের কথা মনে পড়লেও তা ধীরে ধীরে একসময় কমে আসে। কিন্তু এই ভাস্কর্য নির্মাণের পর থেকে প্রতিদিনই ভাইয়ের কথা মনে পড়ছে।”
স্কুলে আসা-যাওয়ার পথে প্রতিদিনই এই ভাস্কর্যের সামনে আসাদ একবার দাঁড়িয়ে নিরবে চোখের জল ফেলে ছোট ভাই ও সহপাঠীদের জন্য।
একই অবস্থা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী বিউটি ফেরদৌস মুন্নীর। সে হারিয়েছে তার বড় ভাই একই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ইমরান হোসেনকে।
সপ্তম শ্রেণীর ছাত্রী তানিয়া আক্তার লিজা দুর্ঘটনায় হারায় তার বড়ভাই নবম শ্রেণীর ছাত্র তারেক হোসেনকে। সে জানায়, ভাস্কর্যের সামনে গেলেই তার মন খারাপ হয়ে আসে।
শুধু শিক্ষার্থীরা নন পিতৃসম প্রধান শিক্ষক জাফর সাদেকও প্রতিদিন এই ভাস্কর্যের সামনে দিয়ে যাওয়ার পথে ভারাক্রান্ত হয়ে পড়েন।
জাফর সাদেক বলেন, দুর্ঘটনার পর শোক কাটিয়ে স্কুলের সকলেই ধাতস্থ হলেও শিক্ষার্থীদের ছবিসহ নির্মিত এ স্মৃতিস্তম্ভের সামনে এলেই সবাই আবেগে ভারাক্রান্ত হয়ে উঠছেন।
“স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে একবারের পর আর তাকিয়ে থাকা যায় না। চোখ প্রায় প্রতিদিনই ঝাপসা হয়ে ওঠে। ‘আবেগ’ নামের এ ভাস্কর্য আমাদের সবাইকেই প্রকৃত অর্থেই আবেগী করে তুলেছে,” বলেন তিনি।
স্মৃতিভাস্কর্য ‘আবেগ’ নির্মাণ করা হয়েছে ১০ লাখ ৫০ হাজার টাকা খরচে। যার সব অর্থই বহন করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, যার বাড়ি মিরসরাই উপজেলাতেই।
গত বছরের ১১ জুলাই দুপুর পৌনে ১টার দিকে মিরসরাই সদর থেকে খেলা দেখে ফেরার পথে স্কুল শিক্ষার্থীদের বহনকারী ট্রাকটি বড়তাকিয়া-আবু তোরাব সড়কের সৈদালী নামক স্থানে উল্টে যায়।
ওইদিনই মারা যায় ৩৯ জন। এদের মধ্যে ৩৮ জনই ছিল স্কুলছাত্র। পরবর্তীতে বিভিন্ন হাসপাতালে মারা যায় আরো ছয় স্কুলছাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/০০১৯ ঘ.
bdnews24