২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর আত্মজীবনীর প্রকাশনা অনুষ্ঠান সোমবার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’র প্রকাশনা অনুষ্ঠান সোমবার বিকালে অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’র প্রকাশনা অনুষ্ঠান সোমবার বিকালে অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকাল সাড়ে ৪টায় আওয়ামী লীগ এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৯৬৭ থেকে ১৯৬৯ পর্যন্ত কারাবন্দি অবস্থায় চারটি খাতায় ১৯৫৫ সাল পর্যন্ত নিজের জীবনী লিখে যান বঙ্গবন্ধু, কিন্তু শেষ করে যেতে পারেননি তিনি। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং এর ইংরেজি সংস্করণ ‘দি আনফিনিসড মেমোরিজ’ গ্রন্থ দুটি প্রকাশ করছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। বাংলাদেশের বাইরে ভারতে পেঙ্গুইন বুকস ও পাকিস্তানে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ১৮ জুন বই দুটি প্রকাশ করবে। এই বইটিকে যুগোপযোগী করতে কিছুটা সম্পাদনা করা হয়। এই কাজটি করেন শামসুজ্জামান খান ও বেবী মওদুদ। বইটি ভাষান্তর করেন অধ্যাপক ফখরুল আলম। গ্রন্থ দু’টির বিক্রি শুরু হয় গত ১৮ জুন। পরদিন বঙ্গবন্ধুর এই আত্মজীবনী তার দুই মেয়ের হাতে তুলে দেন ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের কর্ণধার মহিউদ্দিন আহমেদ। এই বইয়ের জন্য কাজ করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব মনিনুর নেসা নিনু, শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা আব্দুর রহমান (রমা) এবং ও ধনেশ্বর দাশ। বইটিতে আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, লেখকের বংশ পরিচয়, জন্ম, শৈশব, স্কুল ও কলেজের শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, দুর্ভিক্ষ, বিহার ও কলকাতার দাঙ্গা, দেশভাগ, কলকাতাকেন্দ্রিক প্রাদেশিক মুসলিম ছাত্রলীগ ও মুসলিম লীগের রাজনীতি, দেশ বিভাগের পরবর্তী সময়ে থেকে ১৯৫৪ সাল পর্যন্ত পূর্ব বাংলার রাজনীতি, কেন্দ্রীয় ও প্রাদেশিক মুসলিম লীগ সরকারের অপশাসন, ভাষা আন্দোলন, ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রতিষ্ঠা, যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন, আদমজীর দাঙ্গা, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসন ও প্রাসাদ ষড়যন্ত্রের বিস্তৃৃত বিবরণ এবং এসব বিষয়ে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা রয়েছে। বইটিতে জেল ও জেলের বাইরের জীবন, বাবা-মা, স্ত্রী, সন্তান ও পরিবার-পরিজনের কথাও বলেছেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি। এই প্রকাশনা অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। সংসদ উপনেতা ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ, অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, সৈয়দ শামসুল হক, শামসুজ্জামান খান, বেবী মওদুদ, অধ্যাপক ফকরুল আলম ও মহিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮২২ ঘ.