চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রপথে মালয়শিয়া নিয়ে যাওয়ার কথা বলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে চট্টগ্রামে জড়ো করা ৪৮ জনকে কয়েকটি হোটেল থেকে উদ্ধার করেছে র্যাব। গ্রেপ্তার করা হয়েছে পাচারকারী চক্রের দুই সদস্যকে।
শনিবার রাত দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত নগরীর কদমতলী ও রেলওয়ে স্টেশন এলাকার কয়েকটি হোটেলে এই অভিযান চালায় র্যাব-৭ এর সদস্যরা।
অভিযানে অংশ নেওয়া র্যাব কর্মকর্তা মেজর রাকিবুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি চক্র মালয়শিয়ায় পাঠানোর নাম করে বিভিন্ন জেলা থেকে লোকজনকে চট্টগ্রামের কয়েকটি হোটেলে জড়ো করছে- এমন খবর পেয়ে রাতে কদমতলীর হোটেল ডায়মন্ডে অভিযান চালানো হয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় শহীদুজ্জামান শামীম (৫০) ও জহুরুল ইসলাম (৩৫) নামে পাচারকারী চক্রের দুই সদস্যকে।
এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী কদমতলী ও রেল স্টেশন এলাকার কয়েকটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয় ৪৮ জনকে।
মেজর রাকিবুল জানান, এই ৪৮ জনের প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত নিয়েছে পাচারকারী চক্র। রোববার কোনো এক সময় পতেঙ্গা সৈকত থেকে তাদের ইঞ্জিনচালিত নৌকায় তুলে দেওয়ার কথা ছিল।
শামীম ও জহুরুল ঢাকার একটি ট্র্যাভেল এজেন্সির সঙ্গে যুক্ত বলে এই র্যাবকর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১০১৫ ঘ.
bdnews24