সাভার, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার থেকে শনিবার ভোরে চাল বোঝাই একটি ছিনতাই হয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ডেইরি ফার্ম এলাকায় এই ছিনতাই হয় বলে পুলিশ জানিয়েছে।
চালের মালিক নবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয়পুরহাটের পাঁচবিবিতে তার চালকল থেকে শুক্রবার বিকাল ৪টার দিকে চাল নিয়ে ট্রাকটি ঢাকার কামরাঙ্গীর চরের উদ্দেশে রওনা হয়। ট্রাক চালকের সঙ্গে মোবাইলে তার যোগাযোগ ছিল। তবে শরিবার ভোরে ফোন করে মোবাইল ফোন বন্ধ পান তিনি।
তিনি অভিযোগ করেন, ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি। অথচ তাদের কাছ থেকে তেমন কোনো সহযোগিতা তিনি পাননি।
সাভার হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাজের্ন্ট সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের টহল টিম পাঠানো হয়। কিন্তু তারা ট্রাকটির কোনো হদিস পায়নি।
চাল উদ্ধারে মালিককে সহযোগিতা না করার কথা তিনি অস্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮১৫ ঘ.
bdnews24