২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্র ও এলাকাবাসীর সংঘর্ষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রের সঙ্গে বিশ্ববিদ্যালয় রেল স্টেশন সংলগ্ন এলাকাবাসীদের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 07:07 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রের সঙ্গে বিশ্ববিদ্যালয় রেল স্টেশন সংলগ্ন এলাকাবাসীদের সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রকে রেল কর্মচারীদের মারধরের ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে ভাংচুর চালানোকে কেন্দ্র করে রাত সাড়ে ১০টার দিকে স্টেশন বাজারে এই সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় আহত ছাত্রলীগের চার নেতা-কর্মীরা হলেন- ছাত্রলীগের প্রচার সম্পাদক আনজির লিটন, ছাত্রলীগকর্মী ও রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাওসার আহম্মেদ কৌশিক, রফিকুল ইসলাম ও নূহ আলম। তাদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত লিটন বাদি হয়ে ছয়জনকে আসামি করে শনিবার মতিহার থানায় মামলা করেছেন। খুলনা থেকে ছেড়ে আসার ট্রেন মহানন্দা শুক্রবার এক্সপ্রেস বিশ্ববিদ্যালয়ে না থেমে রাজশাহী স্টেশনে চলে যায়। মতিহার থানার ওসি আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ট্রেন চালকসহ রেল কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রেলের কর্মচারীরা ছাত্রদের স্টেশনের একটি কক্ষে আটকে প্রায় দুই ঘণ্টা ধরে মারধর করে এবং তাদের জিনিসপত্র কেড়ে নেয়। ট্রেনের কর্মচারীদের মারধরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুহ আলম ও রফিকুল ইসলাম আহত হন। ওসি জানান, মারধরের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী চাপাতি, রামদা, হাসুয়া, রড ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে ভাংচুর করে। এ সময় স্থানীয়রা ছাত্রলীগের ওপর হামলা চালালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ছাত্রলীগের প্রচার সম্পাদক লিটন আহমেদসহ কয়েকজন আহত হন। পরে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহমেদ আলীসহ অন্য নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ছাত্রলীগ সভাপতি আহমেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের কর্মীকে স্থানীয় লোকজন মারধর করেছে। স্থানীয় এলাকাবাসী অনেকটা না বুঝে এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনার অবতারণা করেছে।” রেলকর্মীদের মারধরে আহত নুহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয় স্টেশনে মহানন্দা ট্রেনটি প্রতিনিয়ত থামে। কিন্তু ট্রেন চালক ইচ্ছে করেই ট্রেন না থামিয়ে রাজশাহী স্টেশনে নিয়ে যায়। “আমরা কয়েকজন ছাত্র এর প্রতিবাদ জানালে তারা আমাদের বেধড়ক মারধর করে এবং আমাদের মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়।” বিশ্ববিদ্যালয় প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেলের কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আটকে রেখে মারধর করেছে সংবাদ পেযে আমি রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের ছাড়িয়ে আনি।” পশ্চিমাঞ্চল রেলওয়ের পরিচালক ফেরদৌস আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারিগরি ত্রুটির কারণে ট্রেন বিশ্ববিদ্যালয় স্টেশনে থামানো সম্ভব হয়নি। “যে সব রেলকর্মী ছাত্রদের মারধর করেছে তাদের বিরুদ্ধেআইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৩০৪ ঘ.