২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছিল শিয়ালের মাংস

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় শিয়ালের মাংস বিক্রির সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 04:33 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

বরিশাল, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় শিয়ালের মাংস বিক্রির সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাত ভালো হবে এবং যৌন শক্তি বাড়বে- এই কথা বলে তারা ১ হাজার টাকা কেজিতে ওই শিয়ালে মাংস বিক্রি করছিল বলে স্থানীয়রা জানিয়েছে। শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার এই দুজন হলেন মেহেন্দিগঞ্জের লস্করপুর গ্রামের আব্দুস ছত্তার জমাদ্দার (৫০) ও শহীদুল ইসলাম (৩০)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি রিয়াজ হোসেন। সাইফুল্লাহ নবীন নামে স্থানীয় এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাত ব্যথা উপশম এবং যৌন দুর্বলতা কাটার কথা বলে পাতারহাট বাজার ঈদগাহ মাঠে বিকাল ৪টার দিকে শিয়ালের মাংস প্রতি ভাগ (১০০ গ্রাম) ১০০ টাকা করে বিক্রয় করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ এসে কিছু মাংসসহ বিক্রেতা ছত্তার ও তার সহযোগী শহীদুলকে আটক করে। শিয়ালের মাংস এর আগেও পাতারহাট বাজারে বিক্রি হয়েছে বলে জানান সাইফুল্লাহ। শিয়ালের মাংসের গুণাগুন বর্ণনা করে বিক্রেতাদের প্রচারে তা নিয়ে কাড়াকাড়িও হতে দেখা যায়। ওসি রিয়াজ বলেন, শিয়ালের মাংস বিক্রির খবর পেয়ে কিছু পরিমাণ মাংসসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ওই এলাকায় শিয়ালের মাংস বিক্রি হওয়ার কোনো তথ্য পুলিশের কাছে নেই বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.