চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার হাসিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ওই গ্রামের কৃষক মাহবুবুল হকের দুই শিশুপুত্র মো. রায়হান (৮) ও মো. বোরহান (৬) এ দুর্ঘটনায় মারা যায় বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।
স্থানীয় সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুকুরের পাড়ে খেলার সময় বোরহান হাঠাৎ পানিতে পড়ে যায়। একে বাচাঁতে রায়হান পুকুরে নামলে দুই শিশুই পানিতে ডুবে যায়।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২০৫১ ঘ.
bdnews24