নারায়ণগঞ্জ, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগড়াপাড়া এলাকায় মালবাহী একটি ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট হয়েছে।
শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে বলে জানান কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি ইমতিয়াজ আহম্মেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়ায় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দীপে উঠে পড়ে। এ সময় ট্রাকের সামনের ও পেছনের চাকা খুলে ট্রাকের মালামাল সড়কে ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলের দুই পাশে কয়েকশ’ গাড়ি আটকা পড়ে।
পরে বেলা ১২টার দিকে দুর্ঘটনা কবলিত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচলা শুরু হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএইচ/১৭২৭ ঘ.
bdnews24