গাজীপুর, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর থেকে অপহৃত শিশু মো. সাইফুদ্দিনকে (৪) মানিকগঞ্জ থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার রাতে শিবালয় উপজেলার তেউতা গ্রাম থেকে সাইফুদ্দিনকে উদ্ধার করে পুলিশ। সাইফুদ্দিন গাজীপুর সদরের কোনাবাড়ি আমবাগ এলাকার প্রতিবন্ধী আব্দুর রহিমের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রহমান (৩৮), সাজেদা বেগম (২০) ও সোমা আক্তার (২৩)।
জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোবারক হোসেন জানান, ১ জুলাই সকালে সাইফুদ্দিনকে বাড়ির পাশ থেকে অপহরণ হয়। এর চার ঘণ্টা পর সাইফুদ্দিনের বাবার মোবাইলে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
এরপর ৩ জুলাই সাইফুদ্দিনের ফুপা দেলোয়ার হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। পরে আমবাগ এলাকায় অভিযান চালিয়ে রহিম, আলম ও সোমাকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের তেউতা গ্রামে অভিযান চালিয়ে সাইফুদ্দিনকে উদ্ধার করা হয় বলে মোবারক জানান।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীদের আরো কয়েকজন পালিয়ে যায় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৫১০ ঘ.
bdnews24