চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বায়েজিদ থানার বাংলাবাজার এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ আরও ১৯টি ঘরের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পিডিবি।
বৃহস্পতিবার দুপুরে বাংলাবাজারের ব্যাংক কলোনি পাহাড় এলাকা থেকে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে পিডিবির খুলশী বিদ্যুৎ বিতরণ অঞ্চলের কর্মীরা।
পিডিবির উপ-বিভাগীয় প্রকৌশলী কাদের গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ১৯ পরিবার অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়েছিল।”
প্রবল বর্ষণে গত মাসে চট্টগ্রামে অন্তত সাতটি স্থানে পাহাড় ধসে ২৬ জন নিহত হয়। এ ঘটনায় পাহাড় ব্যবস্থাপনা কমিটি গত সোমবার বিভিন্ন পাহাড়ে বসবাসকারী পরিবারে দেওয়া অবৈধ গ্যাস-বিদ্যুৎ ও পানি সংযোগ সাত দিনের মধ্যে বিচ্ছিন্ন করার নির্দেশ দেয়।
ওই সিদ্ধান্তের ২৪ ঘণ্টার মাথায় গত মঙ্গলবার মতিঝর্ণা, আকবর শাহ মাজার ও লতিফপুরে পাহাড়ি এলাকায় ২৬টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে পিডিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৩২০ ঘ.
bdnews24