২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে র‌্যাব পরিচয়ে ছিনতাই

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‌্যাব পরিচয়ে দু’টি কোম্পানির ১৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

হবিগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‌্যাব পরিচয়ে দু’টি কোম্পানির ১৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার পথে নোয়াপাড়ায় আর এ কে সিরামিকস ও স্টার সিরামিকস’র কর্মকর্তারা এই ছিনতাইয়ের শিকার হন। এ দুটি সিরামিকস কোম্পানি উপজেলার শাহজিবাজার এলাকায় অবস্থিত। স্টার সিরামিকসের প্রকৌশলী তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টায় আর এ কে সিরামিকস এর হিসাবরক্ষক জিয়াউর রহমান, নিরাপত্তা বিভাগের প্রধান রফিকুল ইসলাম এবং স্টার সিরামিকসের হিসাবরক্ষক শাহেরুজ্জামান, মতিউর রহমানসহ পাঁচ কর্মকর্তা উপজেলা সদরের প্রাইম ব্যাংক থেকে ১৬ লাখ টাকা তুলে একটি মাইক্রোবাসে করে কারখানায় ফিরছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কে নোয়াপাড়ায় র‌্যাবের পোশাক পরা একদল ছিনতাইকারী মাইক্রোবাসে এসে পাঁচ কর্মকর্তাকে বহনকারী মাইক্রোবাসটির গতি রোধ করে। পরে তারা চালকসহ সবাইকে নিজেদের মাইক্রোবাসে তুলে হাত-পা বেঁধে ফেলে। এক পর্যায়ে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বুধন্তি এলাকায় ফেলে দিয়ে টাকা নিয়ে পালিয়ে যায় বলে জানান ওই প্রকৌশলী। তিনি জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হবে। মাধবপুর থানার ওসি অমল কুমার ধর বলেন, “মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাসের রহমান বলেন, ঘটনাটি তারা শুনেছেন। র‌্যাব এ বিষয়ে তদন্ত করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২০৯ ঘ.