ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যরা রাজউক থেকে একাধিক প্লট নিয়েছেন বলে স্বীকার করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।
জাতীয় সংসদে বুধবার বিএনপির সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজানের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেছেন, একাধিক প্লট যারা পেয়েছেন, তাদের একটি রেখে অন্যগুলো রাজউককে ফেরত দিতে হবে।
মান্নান খান বলেন, “রাজউকের নীতিমালা অনুযায়ী এক ব্যক্তির স্বামী, স্ত্রী বা পোষ্যদের নামে একাধিক প্লট বরাদ্দের সুযোগ নেই। পূর্বাচল ও উত্তরা তৃতীয় প্রকল্পে আবেদন করে একই ব্যক্তির স্বামী, স্ত্রী বা পোষ্যরা একাধিক প্লট পেয়ে থাকতে পারেন।
“যারা একাধিক প্লট পেয়েছেন, এরই মধ্যে একটি প্লট রাজউককে ফেরত দিয়েছেন। কেউ সত্য গোপন করে একাধিক প্লট বহাল রাখলে এবং তা রাজউকের দৃষ্টিগোচর হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন বলেন, দেশের সব নিবিন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণের জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে। নীতিমালা প্রণয়ন শেষে তাদের চাকরি জাতীয়করণ করে পর্যায়ক্রমে সুযোগ-সুবিধা দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১১০ ঘ.
bdnews24