২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

১০ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 01:11 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

সাভার, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ। গ্রেপ্তার শহিদুল আলম (৪৫) নবাবগঞ্জ থানার কনস্টেবল পদে কর্মরত। তার বাড়ী গাজীপুরের জয়দেবপুর থানার কাথরা গ্রামে। বুধবার বিকালে সাভার পৌর এলাকার বিনোদবাইদ মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই মহল্লায় তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতো বলে পুলিশ জানায়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়রা দুপুরে ধর্ষণের অভিযোগে শহিদুলকে আটক করে থানায় খবর দেয়। “এরপর ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার ওই ছাত্রীর জবানবন্দি নেওয়ার পর শহিদুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি,” বলেন এসআই সাজ্জাদ। ধর্ষিতাকে হাসপাতালে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার তার ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হবে। ওই ছাত্রীর মা কাজলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিন আগে আমার মেয়েকে ওই পুলিশ সদস্য তার ঘরে নিয়ে ধর্ষণ করেছে। এতোদিন ভয়ে সে বিষয়টি কাউকে বলেনি। আজ তার রক্তক্ষরণ হলে আমরা বিষয়টি আঁচ করে জিজ্ঞেস করলে সে ঘটনাটি জানায়।” ধর্ষণের শিকার ওই শিশু বলেন, গত ২৫ বা ২৬ জুন ওই পুলিশ সদস্য তাকে ঘরে একা দেখে পোলাও মাংস খাওয়ার কথা বলে পাশেই তার ঘরে ডেকে নেয়। “পরে সে আমাকে খারাপ খারাপ ভিডিও ছবি দেখায়। এর পর সে আমাকে ধর্ষণ করে।” অবশ্য অভিযোগ অস্বীকার করে কনস্টেবল শহিদুল বলেন, “তাকে আমি টেলিভিশন দেখার জন্য ডেকে নিয়েছিলাম।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৯০৪ ঘ.