ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সনদের অধীনে ‘ক্লিন ডেভেলপ্মেন্ট ম্যাকানিজম (সিডিএম)’-এর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
জলবায়ু পরিবর্তন আলোচনা কমিটির সমন্বয়কারী ড. কাজী খলীকুজ্জমান আহমদ এই আন্তঃসরকার বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বর্তমানে জার্মানিতে এই বোর্ডের সভা চলছে।
বাংলাদেশ এর আগে ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ বোর্ডের বিকল্প সদস্য, কমপ্লায়েন্স কমিটির সদস্য এবং বিশেষজ্ঞ পরামর্শক গ্রুপের (সিজিই) সদস্য নির্বাচিত হয়।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশই একমাত্র দেশ যেখান থেকে গুরুত্বপূর্ণ চারটি কমিটি বা বোর্ডে সদস্য নির্বাচিত হল। পেশাদার জলবায়ু কূটনীতির ক্ষেত্রে এটি বাংলাদেশের জন্য এক অনন্য সাফল্য।
কিয়োটো প্রটোকলের অধীনে কার্বন নিঃসরণ কমিয়ে অর্জিত অর্থের দুই শতাংশ সিডিএম তহবিলের মাধ্যমে বিভিন্ন উন্নয়নশীল দেশে প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হয়। প্রকল্প বাছাই এবং অর্থায়নের বিষয়ে ১৫ সদস্য বিশিষ্ট সিডিএম বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৪১ ঘ.
bdnews24