ঝালকাঠী, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসড়কে অবৈধ যান চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশাসনের আশ্বাস পেয়ে ৩০ ঘণ্টা পর ঝালকাঠীতে অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করেছে ধর্মঘটীরা।
বুধবার দুপুর সাড়ে ১২ টায় জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি ও জেলার পরিবহন শ্রমিক ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহার করেছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে মহাসড়কে নসিমন-করিমন চলাচল বন্ধসহ ছয় দফা দাবিতে ঝালকাঠী থেকে অভ্যন্তরীণ রুটসহ ১৮টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা।
একই দাবিতে খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি জেলায় পরিবহন ধর্মঘট পালিত হয়।
জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালিক ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে প্রশাসনের সমঝোতা বৈঠকের পর দুপুর সাড়ে ১২টায় বাস মালিক ও শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে।
জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়কে নসিমন করিমনসহ রুটপারমিট বিহীন যান চলাচল বন্ধ করার ব্যাপারে জেলা প্রশাসক ভ্যাম্যমান আদালত চালুর আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, “এ আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।”
তবে একই দাবিতে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া পিরোজপুরের ১৮টি রুটে বাস ধর্মঘট অব্যাহত রয়েছে।
পিরোজপুর জেলার বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামন ফুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের ধর্মঘট অব্যাহত রয়েছে।
আন্দোলনকারীদের দাবি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক সভা আহ্বান করেছেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৪৫ঘ.
bdnews24