নেত্রকোনা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মঙ্গলবার দুপুরে নয়জন মাদ্রাসা ছাত্রী শ্রেণিকক্ষে অজ্ঞান হয়ে পড়েছে।
এরা হল ষষ্ঠ শ্রেণির ছাত্রী দীপা, সুরভি, সোনিয়া আক্তার, রুবিনা, ফারিয়া, লাকী, আফিয়া, মুক্তা ও তানজিলা।
মাতাং ইসলামীয়া মাদ্রাসার এই ছাত্রীদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দ্রুত সুস্থ হয়ে উঠছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, বেলা ১টার দিকে ক্লাস চলাকালে রুবিনা অজ্ঞান হয়ে যায়। এরপর একে একে বাকিরা অজ্ঞান হয়ে পড়ে।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নীলোৎপল তালুকদার সন্ধ্যায় বলেন, ‘মাস সাইকোজেনিক ইলনেস’ নামের এক ধরনের মানসিক রোগে আক্রান্ত হয়েছে এই ছাত্রীরা। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। দ্রুত সুস্থ হয়ে উঠবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৪ ঘ.
bdnews24