ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইভটিজিং বা যৌন হয়রানি প্রতিরোধে আইনের পাশাপাশি নারী ক্ষমতায়নের উপর জোর দিলেন তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “যৌন হয়রানি প্রতিরোধে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় শুধু আইন দিয়ে কিছু হবে না। এর জন্য মেয়েদেরকে এমপাওয়ার্ড হতে হবে।”
একই সঙ্গে বিষয়টি প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির জন্য বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক প্রতিনিধিদের সংশ্লিষ্ট করার সুপারিশ করেন তিনি।
নারী ও কিশোরীদের প্রতি সব ধরনের সহিংসতা ও যৌন হয়রানি নির্মূলকরণে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগ চলমান ‘মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন)’ কর্মসূচিটি সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য রাজধানীর ১২০টি স্কুলসহ সারাদেশের ৪শ স্কুলে কাজ করবে বিভাগটি।
এ উপলক্ষ্যে ব্র্যাক আয়োজিত এই মতবিনিময় সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার শামীমা বেগম বলেন, “শুধু পুলিশ নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সবাইকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।”
একই সঙ্গে বিষয়টি প্রতিরোধে কমিনিটি ভিত্তিক পুলিশিংয়ের সুপারিশও করেন তিনি।
নারী নির্যাতন প্রতিরোধকল্পে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত মাল্টিসেক্টরাল প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন তার বক্তব্যে উত্যক্তকারীর এই ধরনের মানসিকতার পেছনে সঙ্গদোষ, পারিবারিক বিচ্ছিন্নতা এবং আধুনিক প্রযুক্তির মতো বিষয়গুলোকে দায়ী করেন।
সভাটি পরিচালনাকারী ব্রাকের জেন্ডার জাস্টিস ও ডাইভারসিটি বিভাগের পরিচালক শীপা হাফিজা বলেন, “ইভটিজিং বা যৌন হয়রানি প্রতিরোধের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এবং সমাজের সব শ্রেণীর মানুষের অংশগ্রহণে একটি বিস্তৃত নেটওয়ার্ক প্রয়োজন।”
আর আক্রান্তকারীদের সহায়তার জন্য হটলাইন কার্যকর হলে সমস্যা অকেখানি কমে আসবে বলে মনে করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/২২৩৯ ঘ.
bdnews24