সাতক্ষীরা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার তালা উপজেলায় সোমবার রাতে দুর্বৃত্তের গুলিতে এক ইউনিয়ন পরিষদ সদস্য গুরুতর আহত হয়েছেন।
আহত রাশেদ সানা (৪০) খেসরা ইউনিয়ন পরিষদের সদস্য এবং বালিয়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় জড়িত অভিযোগে বালিয়া গ্রামের সাদ্দাম হোসেন ও আবদুল জলিল নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তালা থানার ওসি রবিউল ইসলাম বলেন, সোমবার রাতে রাশেদ সানা তার সঙ্গীদের সঙ্গে গ্রামের একটি বাড়িতে তাস খেলছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে জোর করে ধরে নিয়ে যেতে চাইলে রাশেদ পালানোর চেষ্টা করেন। তখন সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে এবং বোমা ছোঁড়ে।
স্থানীয়রা তাকে রাতেই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরো জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮১৬ ঘ.
bdnews24