ঠাকুরগাঁও, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিকে বাজারে আমের ব্যাপক আমদানি, অন্যদিকে বগুড়ায় পরিবহন ধর্মঘট। এ কারণে ঠাকুরগাঁওয়ে আমের বাজারে ধস নেমেছে।
সোমবার ঠাকুরগাঁওয়ের আমের সবচেয়ে বড় হাট রোডহাটে প্রচুর আম উঠলেও ক্রেতা ছিল কম।
সূর্যাপূরী জাতের আম হাজার টাকা মন দরে (২৫ টাকা কেজি) কেনাবেচা হয়েছে এ দিন। অথচ গত বৃহস্পতিবারের এ হাটে সূর্যাপূরী আমের দর ছিল ১৬শ‘ টাকা মন।
আম ব্যবসায়ী আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে সূর্যাপূরী আমের ১৫টি বাগান কিনেছেন।
তিনি বলেন, “এই এলাকায় এই আমের ফলন ভালো হয়, চাহিদাও রয়েছে।”
কিন্তু বগুড়ায় পরিবহন ধর্মঘটের জন্য আম কিনছে না ব্যবসায়ীরা।
ঢাকা ও বগুড়া পরিবহন মালিক শ্রমিকদের বিরোধের জের ধরে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের বাস চলাচল শনিবার রাত থেকে বন্ধ হয়ে যায়। তাই আত্মীয় স্বজনের জন্য কেউ আম পাঠাতে পারছে না।
সোমবার গ্রামের সাধারণ কৃষকরা ২/৪ মণ করে আম নিয়ে হাজির হন রোডহাটে। কিন্তু দাম কমে যাওয়ায় তারা হতাশ।
মনসুর, সোলেমান, শ্রীপ্রসাদ জানান, এক হাজার টাকা মন দরে তারা আড়তে আম বিক্রি করেছেন।
তবে দু’একদিনের মধ্যে আমের দাম বাড়বে বলে আশা করছে ব্যবসায়ীরা।
বাজার দর পড়ার সুযোগে আম কিনছেন অনেকে। এ শহরের অধ্যাপক আকবর আলী মেয়ের বাড়ি আম পাঠাতে সাড়ে এগারোশ’ টাকা মন দরে আম কিনেছেন।
হাসি মুখে তিনি জানান, তার মেয়ের বাড়ি দিনাজপুরে, আম পাঠাতে কোনো অসুবিধা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/০০০০ ঘ.
bdnews24