২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেতনা বিকাশে সাংস্কৃতিক আন্দোলন চান প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে সাংস্কৃতিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 03:22 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে সাংস্কৃতিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সোমবার বিকালে মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “আমরা রাজনীতি করি, বক্তৃতা দিই। আমরা শত বক্তৃতা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার যে উন্মেষ ঘটাতে না পারি, সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে তার শতভাগ উন্মেষ ঘটে।” তিনি বলেন, “যুদ্ধাপরাধের বিচারকাজ শুরু হয়েছে। এই বিচারের পক্ষে জনসমর্থন সৃষ্টি করতে নাট্যোৎসব বিশেষ ভূমিকা রাখবে।” মুক্তিযুদ্ধভিত্তিক শতাধিক নাটক নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ‘মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসব’র আয়োজন করেছে। শেখ হাসিনা বলেন, “দেশের প্রত্যন্ত অঞ্চলের মুক্তিযোদ্ধাদের স্মৃতি, মুক্তিযুদ্ধের খণ্ড খণ্ড চিত্র নিয়ে নির্মিত এ সকল শিল্পকর্ম শিশু থেকে প্রবীণ সকলের মনকে ছুঁয়ে যাবে বলে আমি মনে করি।” এই উৎসবের মধ্য দিয়ে দর্শক-শ্রোতা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ কাহিনী, বেদনাময় ঘটনা ও বীরাঙ্গনাদের সর্বোচ্চ ত্যাগের কথা জানতে পারবে বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। তাই আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে তখনই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার সুযোগ পেয়েছে। বাঙালি সংস্কৃতি বিকাশ লাভ করেছে। সংস্কৃতির বিকাশে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। অস্বচ্ছল শিল্পীদের আবাসনের বিষয়টি নিয়ে সরকার ইতিমধ্যেই চিন্তা-ভাবনা করছে জানিয়ে তিনি বলেন, “আর্থিকভাবে অস্বচ্ছল শিল্পীদের পৃষ্ঠপোষকতা দরকার। পৃষ্ঠপোষকতা না থাকলে শিল্পের বিকাশ ঘটে না।” অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে ইন্টারন্যাশাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সভাপতি রামেন্দু মজুমদার সাংস্কৃতিক ক্ষেত্রে বরাদ্দ বাড়াতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকি তার স্বাগত ভাষণে সাংস্কৃতিক কর্মীদের জন্য ব্যবসায়ীদের মতো কালচারাল ইমপর্টেন্ট পারসন ব্যবস্থা চালু করার অনুরোধ জানান। তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতেই শিল্পীদের পক্ষ থেকে শেখ হাসিনাকে উত্তরীয় পরিয়ে দেন খ্যাতনামা নাট্য ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার। প্রধানমন্ত্রীর হাতে উৎসবের স্মারক তুলে দেন লিয়াকত আলী লাকি। পরে প্রধানমন্ত্রী স্পন্দনের নৃত্যনাট্য ‘শব্দ’ এবং লোক নাট্যদলের নাট্যাল্লেখ্য ‘মুজিব মানে মুক্তি’ দেখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/২১১৯ ঘ.