চট্টগ্রাম, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদ উত্তীর্ণ ময়দা দিয়ে সেমাই প্রস্তুত এবং অবৈধভাবে বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ইনস্টিটিউটের (বিএসটিআই) মানচিহ্ন ব্যবহারের অপরাধে চট্টগ্রামে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে নগরীর চাক্তাই এলাকায় মেসার্স আবদুল মন্নান সেমাই ফ্যাক্টরি এবং মেসার্স পূর্বানী সল্ট ক্রাসিং ইন্ডাষ্ট্রিজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবদীন এ জরিমানা করেন।
বিএসটিআই’র উপ পরিচালক এস এম ইসহাক আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে মেয়াদ উত্তীর্ণ ময়দা দিয়ে সেমাই প্রস্তুতের অপরাধে মন্নান সেমাই ফ্যাক্টরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এ প্রতিষ্ঠানের মালিককে দুই মাসের কারাদণ্ড দিয়ে কারখানাটি সীলগালা করে দেওয়া হয়েছে।
বিএসটিআই’র মানচিহ্ন অবৈধভাবে ব্যবহারের অপরাধে পূর্বানী সল্ট ক্রাসিং ইন্ডাষ্ট্রিজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানের মালিককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া পণ্যের ওজন কম দেওয়ার অপরাধে লালদীঘি এলাকার তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিকুন নাহার।
প্রতিষ্ঠান তিনটি হল হোটেল ব্রীজ, হোটেল জয়নব ও হোটেল ক্রাউন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৭৪৩ ঘ.
bdnews24