চট্টগ্রাম, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারে দেওয়া অবৈধ গ্যাস-বিদ্যুৎ ও পানি সংযোগ সাত দিনের মধ্যে বিচ্ছিন্ন করতে বলেছে পাহাড় ব্যবস্থাপনা কমিটি।
সোমবার চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে কমিটির সভায় এ সুপারিশ করে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে বলা হয়।
প্রবল বর্ষণে অন্তত সাতটি স্থানে পাহাড় ধসে ২৬ জন নিহত হওয়ার এক সপ্তাহের মধ্যে পাহাড় ব্যবস্থাপনা কমিটির এই সভায় হল।
চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নেওয়া, অবৈধভাবে বসবাসকারীদের সরাতে সংশ্লিষ্ট পাহাড়ের মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
এছাড়া বিভিন্ন পাহাড়ে বসতি স্থাপনকারী প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কেউ মামলা করলে তাদের আইনি সহায়তা দেওয়া এবং এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কমিটি গঠনের সিদ্ধান্তও হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আলেফ উদ্দিনের সভাপতিত্বে এই সভায় সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) প্রকল্পের পরিচালক ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল কাইয়ুমও ছিলেন।
পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সিডিএমপি প্রকল্পের পক্ষ থেকে কারিগরী ও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে সভায় জানানো হয়।
সভায় আলেফ উদ্দিন ওয়াসাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “যেসব পাহাড়ে অবৈধভাবে লোকজন বসবাস করছে, সেখানে যেন পানি-গ্যাস-বিদ্যুৎ সংযোগ দেওয়া না হয়।”
চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ বলেন, পাহাড় ব্যবস্থাপনা কমিটির পূর্বের সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন অব্যাহত রাখার পাশাপাশি পাহাড় ধসে মৃত্যু ও জানমালে ক্ষতি রোধে অবৈধভাবে কাটা বন্ধ করতে হবে।
তিনি বলেন, সরকারি পাহাড়গুলোর পাদদেশে বসবাসকারীদের উচ্ছেদে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে উদ্যোগ নিতে হবে।
যারা অন্যায়ভাবে পাহাড় কেটে দখল করে ঘর বানাচ্ছে তাদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে জেলা প্রশাসক বলেন, “প্রয়োজনে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে হবে। পাহাড় ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে তাদের সহায়তা দেওয়া হবে।”
সভায় সিডিএমপি প্রকল্পের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাকসুদ কামাল, চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম, পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা জেলা প্রশাসক ইসমাইল হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মো. শামসুদ্দোহাসহ চট্টগ্রাম ওয়াসা, রেলওয়ে, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সভার শুরুতে পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম সা¤প্রতিক সময়ের পাহাড়, দেয়াল ধস এবং এর কারণ তুলে ধরেন।
পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ইসমাইল হোসেন সভায় জানান, গত ৯ মে নবম সভার পর থেকে এ পর্যন্ত পাহাড় থেকে সরে যাওয়ার জন্য নিয়মিত মাইকিং এবং ১ হাজার ২০০ পরিবারকে সরে যেতে বলা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, গত ২৬ জুন সারাদিনের বৃষ্টির পর নগরীর পাঁচ ও জেলার দুটিসহ সাত স্থানে পাহাড় ধসে মারা গেছে ২৬ জন। এদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া দেয়াল ধসে মারা গেছে আরো দুজন।
চট্টগ্রামে বিপর্যয়ের পর এ পর্যন্ত দুই হাজার ৫৭ মেট্রিক টন চাল এবং নগদ এক কোটি ৫ লাখ ২১ হাজার টাকা সহায়তা এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭১৬ ঘ.
bdnews24