নাটোর. জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে বহাল রয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী হাফিজুর রহমান (তালা প্রতীক)।
রোববার জজ আদালতের সম্মেলন কক্ষে পুণরায় ভোট গণনা শেষে রাতে ১৪ ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে তাকে নির্বাচিত ঘোষণা করে নাটোরের নির্বাচনি ট্রাইবুন্যাল।
গত ৮ জুন জামনগর ইউপি নির্বাচনে হাফিজুরকে ৬৫ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল কুদ্দুস।
ইউপি চেয়ারম্যান হাফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার কিছু ভোট কমে গেলেও শেষ পর্যন্ত আমার বিজয় অক্ষুন্ন থাকায় আমি ভীষণ খুশি।”
মামলার বাদি নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোট গণনায় যে জালিয়াতি হয়েছিল তা এই রায়ে প্রমাণিত হয়েছে। ৫১টি ভোট বিজয়ী প্রার্থীর পক্ষে গণনা করে ফলাফলকে প্রভাবিত করা হয়েছিল।”
বিবাদি পক্ষের আইনজীবী মোশারফ হোসেন বলেন, “নিরপেক্ষতার স্বার্থে আদালত ভোট গণনার পরপরই আদালত বসিয়ে রায় ঘোষণা করেছে। এতে আমরা সন্তুষ্ট।”
গত বছর নির্বাচনি গেজেট প্রকাশের পরপরই ফলাফলে জালিয়াতির অভিযোগ এনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুস নাটোরের নির্বাচনি ট্রাইবুন্যালে মামলা করেন।
দীর্ঘ দিন শুনানির পর গত রোববার আদালত ওই নির্বাচনের ব্যালট পেপার পুনরায় গণনার দিন ধার্য হয়।
পুনরায় ভোট গণনায় ফলাফল কি দাঁড়ায় তা নিয়ে উভয় প্রার্থী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গত রোববার সকাল থেকে নাটোর জজ আদালতের সামনে অবস্থান নেয় দু‘পক্ষের কয়েক হাজার সমর্থক। সংঘর্ষের আশঙ্কায় আদালত চত্বরে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।
উভয় প্রার্থী, তাঁদের নিয়োজিত আইনজীবী ও ট্রাইবুন্যালের বিচারকদের উপস্থিতিতে জজ আদালতের সম্মেলন কক্ষে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গণনা চলে। বাইরে সমর্থকদের মধ্যে উত্তেজনার কারণে সন্ধ্যার পর আরো পুলিশ মোতায়েন করা হয়।
অবশেষে রাত সাড়ে দশটায় নাটোর জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনি ট্রাইবুন্যালের বিচারক (সহকারী জজ) সুলতান মাহমুদ আদালতের এজলাসে বসেন।
জনাকীর্ণ আদালতে তিনি হাফিজুরকে পুনরায় বিজয়ী ঘোষণা করেন এবং বাদি পক্ষের মামলা খারিজ করে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৩৩৩ ঘ.
bdnews24