চাঁদপুর, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার বিকালে রামগঞ্জ থেকে চাঁদপুরের ফরিদগঞ্জে ফেরার পথে কাজিরখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত নজরুল ইসলাম (৫০) অগ্রণী ব্যাংক রামগঞ্জ শাখার কর্মকর্তা ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলায়।
রামগঞ্জ থানার ওসি এ কে এম মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্মস্থল থেকে বেরিয়ে ফরিদগঞ্জ আসার পথে নজরুল কাজিরখিল এলাকায় মটরসাইকেল থামিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বৈশাখী ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১০২৩ ঘ.
bdnews24