গাইবান্ধা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি-জামায়াতের মিছিলে বাধা ও পরে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বিএনপি-জামাত উপজেলা সদরে মিছিল বের করলে এ ঘটনা ঘটে। পরে ১০ রাউন্ড কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানায় পুলিশ।
আহতরা হলেন- পলাশবাড়ী থানার ওসি শাহ আলম, উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলামসহ আরো তিন পুলিশ কনস্টেবল, উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক জসিম উদ্দিন, কৃষক দলের কর্মী শাহীন মিয়া, বিএনপি নেতা মিলন, রাজা মিয়া, লোকমান হোসেন, জামায়াত কর্মী গোলাম মোস্তফা ও আব্দুল মজিদ মিয়া।
পলাশবাড়ীর থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় কালীবাড়ী বিএনপি কার্যালয় থেকে বিএনপি-জামায়াত মিছিল বের করে। মিছিলটি সদরের বিভিন্ন সড়ক ঘুরে কাওসার মার্কেটের সামনে জনতা ব্যাংক মোড়ে আসলে পুলিশ তাতে বাধা দেয়।
তিনি জানান, এ সময় বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল মারতে থাকে। এতে ওসি শাহ আলম, এসআই মাজেদুল ইসলামসহ ৫ পুলিশ কনস্টেবল আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা ও ১০ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোনো কারণ ছাড়াই পুলিশ মিছিলে লাঠিপেটা করে, এতে তাদের ৭ নেতাকর্মী আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১০২২ ঘ.
bdnews24