শেরপুর, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা চলার সময় কেন্দ্রের বাইরে উত্তরপত্র লেখার ঘটনায় গ্রেপ্তার কেন্দ্রসচিবসহ পাঁচ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এরা হলেন, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কেন্দ্রের সচিব আমিনুল ইসলাম, স্থানীয় জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী, পরীক্ষার্থী আয়শা সিদ্দিকা এবং তার বোন রাবেয়া সুলতানা শম্পা ও ভগ্নিপতি লাল মিয়া।
শেরপুরের বিচারিক হাকিম শরিফুল হক শনিবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে এই আদালতের সিএসআই মো. আব্দুল আজিজ মিয়া জানান।
তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে চারজনকে সাতদিনের হেফাজতে এবং শম্পার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। রোববার রিমান্ড শুনানির দিন রেখে পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
শুক্রবার বেলা ১২টার দিকে শেরপুর শহরের মাধবপুর এলাকায় শিক্ষক ইয়াকুব আলীর বাসায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র পরীক্ষার উত্তরপত্র লেখার সময় প্রশ্নপত্র, উত্তরপত্র ও বইসহ ইয়াকুব, শম্পা ও লাল মিয়াকে এবং পরীক্ষা শেষে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি থেকে আয়শাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে রাতে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, আয়শা শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের স্টাডি সেন্টার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। কৌশলে প্রশ্ন ও উত্তরপত্র পরীক্ষার হল থেকে বের করে এনে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলীর বাসায় তার ছোট বোন শম্পাকে দিয়ে উত্তরপত্র লেখানো হচ্ছিলো। পরীক্ষা শেষে বাইরে থেকে তৈরি করা উত্তরপত্র ওই শিক্ষক পরীক্ষার কেন্দ্রে জমা দিতেন।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিঠু মিয়া বাদি হয়ে শেরপুর সদর থানায় শুক্রবার একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২৩২৫ ঘ.
bdnews24