২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধান্ত পুনর্বিবেচনা চায় টিআইবি

দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 02:06 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শনিবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, “দেশবাসীকে বঞ্চিত না করে বিশ্ব ব্যাংকের উচিত বাংলাদেশ ও কানাডায় তদন্তে সক্রিয় সহায়তা করা; পাশাপাশি পুনর্বিবেচনা করা ঋণের সিদ্ধান্ত।” ‘দুর্নীতি’ তদন্তে কানাডা পুলিশের একটি দল গত সপ্তাহে ঢাকায় তদন্ত চালানোর পরপরই ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ পাওয়ার কথা বলে শুক্রবার পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলের ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক। পদ্মা সেতুর তদারকির জন্য প্রাকযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত অন্যতম প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ উঠলে তা নিয়ে তদন্ত শুরু হয় কানাডায়। এরপর গত বছরের সেপ্টেম্বরে পদ্মা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিত করে। তবে সরকারের পক্ষ থেকে বরাবরই দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করা হচ্ছে। ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল বিশ্ব ব্যাংকের। বিশ্ব ব্যাংকের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং আইডিবি ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করে । টিআইবির বিবৃতিতে বলা হয়, “এই প্রকল্পে বিশ্ব ব্যাংকের গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে তারা এমন ভূমিকা রাখতে পারে যেন প্রকল্প বাস্তবায়নে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।” দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্পের ঋণ বাতিলের সিদ্ধান্ত দুঃখজনক, নৈরাশ্য-ব্যঞ্জক ও লজ্জাজনক বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সংস্থাটি মনে করে, দুর্নীতি শুধু ঘুষ আদান-প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বার্থের দ্বন্দ্ব বা প্রভাব প্রয়োগ বিবেচনায় নিতে হবে। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগের আঙুল সৈয়দ আবুল হোসেনের দিকে থাকলেও তিনি বরাবরই বলে আসছেন, কোনো দুর্নীতি হয়নি। তবে দুর্নীতির অভিযোগের মধ্যে গত বছরের ডিসেম্বরে আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “বিশ্বব্যাংকের এই সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ, যদিও সম্পূর্ণ অপ্রত্যাশিত নয়। উন্নয়নশীল দেশে ঋণ কার্যক্রমে অর্থায়নে অনিয়মের দায়ভার তাদেরও রয়েছে।” কিছু মানুষের কথিত অনিয়মের কারণে সারা দেশবাসীকে শাস্তি দেওয়ার অধিকার কারো নেই বলেও মন্তব্য করেন তিনি। ৬ কিলোমিটার পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে বিশ্ব ব্যাংক গত বছর অর্থায়ন স্থগিত করলে মালয়শিয়ার সঙ্গে আলোচনা শুরু করে সরকার। গত ১০ এপ্রিল মালয়শিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই হয়। গত ২৮ জুন চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে খসড়া প্রস্তাব দেয় মালয়শিয়া। এ বিষয়ে টিআইবির বিবৃতিতে বলা হয়, “বিকল্প সূত্র থেকে অর্থায়নের উদ্যোগ দুর্নীতির অভিযোগ থেকে দৃষ্টি সরিয়ে নেবার প্রয়াস হতে পারে, কিন্তু সরকার পদ্মা সেতুকে কেন্দ্র করে যে অগ্নি-পরীক্ষার মুখোমুখি তা থেকে উত্তরণে সরকারকে অবশ্যই প্রমাণ করতে হবে- দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে তাদের সর্বোচ্চ সদিচ্ছা রয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/২০০৩ ঘ.