রাজশাহী, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাগমারা উপজেলা থেকে নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন, আব্দুল মান্নান ও আজাদুল ইসলাম। মান্নান বাগমারার কনোপাড়া গ্রামের এবং আজাদুল একই উপজেলার ঝাড়গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার রাতে কনোপাড়া ও ঝাড়গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৫ অধিনায়ক মো. কামরুল হাসান।
তিনি বলেন, মান্নান ও আজাদুলের বিরুদ্ধে ২০০৯ সালে বাগমারা থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়। মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
সম্প্রতি এলাকায় ফিরে এসে এরা আবারো চাঁদাবাজি শুরু করে জানিয়ে তিনি বলেন, এরা দুজনই জেএমবির সক্রিয় সদস্য।
জঙ্গি তৎপরতার দায়ে ২০০৫ সালে জেএমবিকে নিষিদ্ধ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৯১২ ঘ.
bdnews24