নারায়ণগঞ্জ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক অসন্তোষ ও ভাংচুরের ঘটনায় টানা ৯ দিন বন্ধ থাকার পর নারায়ণগঞ্জের ওপেক্স ও সিনহা গ্র“পের পোশাক কারখানায় কাজ শুরু হয়েছে।
শিল্প পুলিশ-৪ পরিচালক মো. মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নারায়ণগঞ্জের কাঁচপুরে অবস্থিত এ কারখানাগুলোতে বুধবার সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ দেয়। কাঁচপুর শিল্পাঞ্চলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি জানান, ওপেক্স ও সিনহা গ্র“পের পোশাক ও টেক্সটাইল কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় ৩৫ হাজার। এর মধ্যে ওপেক্স কারখানার ২৫ হাজার শ্রমিকের মধ্যে বুধবার প্রায় ১০ হাজার শ্রমিক কাজে যোগ দিয়েছে। অন্যরা বৃহস্পতিবার ও শুক্রবারে যোগ দেবে।
এদিকে শ্রমিক অসন্তোষ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৯০৩ জন শ্রমিককে তাদের বকেয়া টাকা পরিশোধ করে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ১৬ জুন কাঁচপুরে বেতন-ভাতা বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ সুবিধবার দাবিতে সিনহা গার্মেন্টসের আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়।
এ ঘটনায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এসইউ/১২০৪ ঘ.
bdnews24