২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির পাশে থাকবে না জামায়াত: আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, জামায়াতে ইসলামীর বোধোদয় হলে তারা বিএনপির পাশে থাকবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 06:17 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, জামায়াতে ইসলামীর বোধোদয় হলে তারা বিএনপির পাশে থাকবে না। মঙ্গলবার সংসদে বক্তব্যে তিনি বলেন, “বিএনপির মধ্যে অনেক মতানৈক্য রয়েছে। ওনার (খালেদা জিয়া) এক সময় আন্দোলন ছিল বাড়ি রক্ষায়, এখন উনি আছেন ছেলেদের রক্ষায়। “জামাতের মধ্যেও বোধোদয় হবে। যখন তারা বুঝবে, এই কয়েকজন নেতার জন্য কেন আমরা ধ্বংস হয়ে যাব। তখন তারাও আপনাদের পাশে থাকবেন না।” তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালে বিএনপির দাবি নাকচ করে আমু বলেন, “কেন তত্ত্বাবধায়ক সরকার। যে কোনো নির্বাচন নিয়ে যদি বিএনপি প্রশ্ন তুলত, তাহলে প্রশ্ন থাকত এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন হবে না।” বাজেট আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য আবদুল জলিল প্রস্তাবিত বাজেটে অর্থের ঘাটতির দিকে ইঙ্গিত করে সরকারকে সতর্ক করেন। তিনি বলেন, “বাজেটে বড় ধরনের ঘাটতি আছে। ঘাটতি পূরণ করতে গিয়ে জ্বালানি তেল আর বিদ্যুতের দাম বাড়াতে হবে। এতে অর্থনীতির ওপর বড় ধরনের আঘাত আসবে।” জলিল আরো বলেন, “পুঁজিবাজারকে যারা ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই শক্তিশালী সরকার অপারগ কেন? আমি এই প্রশ্ন রেখে গেলাম।” জলিলের আগেই জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ বক্তব্য দেওয়ার সময় তাকে স্বৈরাচার না বলার আহ্বান জানান। জলিল তার বক্তব্যের শুরুতেই বলেন, “ওনাকে স্বৈরাচার না বলতে অনুরোধ করেছেন। ওনাকে দুঃখ দিতে চাই না, বাস্তব কথা বলতে চাই। আমরা সেদিন কার বিরুদ্ধে আন্দোলন করলাম। আমরা এখন সহযাত্রী।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/০০০৪ ঘ.