চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণের মধ্যে চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা এবং বন্দর থানাধীন আকমল আলী রোডে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
গত কয়েকদিন ধরে চট্টগ্রামে টানা বৃৃষ্টিপাত হচ্ছে। এর ফলে নগরীর অধিকাংশ এলাকা তলিয়ে গেছে।
বিকাল ৪টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার ১২ নম্বর রোডে নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হন নুরুল ইসলাম (২৬) নামে এক যুবক। তিনি ওই এলাকার মো. আব্দুল্লাহর ছেলে।
গুরুতর আহতবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মৃণাল চাকমা।
অন্যদিকে নগরীর বন্দর থানার আকমল আলী রোডে সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আরো দুই ব্যক্তি।
বন্দর থানার ওসি নুরুল আফসার ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুইজনকে গুরুতর আহতবস্থায় স্থানীয় নেভি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়।
তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি।
বজ্রপাতে নিহত ভাইবোন
বিকালে সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের মাইজপাড়ায় বজ্রপাতে ভাইবোন নিহত হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়।
নিহতরা হল- মণি আক্তার (১৫) এবং তার ভাই ফারুক আহমেদ (১২)। তারা এলাকার আবুল কাশেমের সন্তান।
ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে চারটার দিকে কাশেমের ঘরে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই ভাইবোনের মৃত্যু হয়।
আহত হয় কাশেমের স্ত্রী সুফিয়া খাতুন (৪৫) এবং বড় ছেলে আবু তাহের (২৫)। তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/২২২৫ ঘ.
bdnews24