২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভ্রান্তি এড়াতে’ মুখে কুলুপ দুদক চেয়ারম্যানের

পদ্মা সেতুর ‘দুর্নীতির’ তদন্ত বিঘ্নিত হওয়ার শঙ্কা থেকে কথা বলতে রাজি নন গোলাম রহমান। পাশাপাশি এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও ভুল তথ্য দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 12:11 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতি’ নিয়ে কানাডা পুলিশের তদন্তের বিষয়ে কোনো কথা বলতে নারাজ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান। তার যুক্তি, এ বিষয়ে কথা বললে তদন্ত বাধাগ্রস্ত হবে। পাশাপাশি এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন তথ্যনির্ভর নয় দাবি করে তিনি বলেছেন, এতে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। পদ্মা প্রকল্পে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে কানাডা পুলিশের একটি দল সোমবার ঢাকায় এসেছে। তারা দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন বলে বিভিন্ন সংবাদপত্রের খবর। মঙ্গলবার সেগুনবাগিচায় কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে গোলাম রহমান বলেন, “বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে, তাই কানাডীয় পুলিশের বাংলাদেশে আসা কিংবা আলোচনা হয়েছে কি না, তা নিয়ে কিছু বলতে চাই না। এতে তদন্ত কার্যক্রমে বিঘœ হতে পারে।” ‘দুর্নীতির’ বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, “গণমাধ্যমে প্রতিদিন অসম্পূর্ণ তথ্য অথবা ভুল তথ্য সম্বলিত নানা প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এতে জনমনে ভ্রান্ত ধারণা ও বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এটি কোনোভাবেই কাম্য নয়।” “সুষ্ঠু অনুসন্ধান ও তদন্তের স্বার্থে অনুসন্ধানাধীন ও তদন্তাধীন কোনো বিষয় পরিপূর্ণ সত্য প্রতিবেদন প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি,” গণমাধ্যমের প্রতি আহ্বান দুদক চেয়ারম্যানের। পদ্মা সেতুর তদারকির জন্য প্রাকযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত অন্যতম প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের কর্মকর্তাদের বিরুদ্ধে গত বছর ঘুষ সাধার অভিযোগ উঠলে তা নিয়ে তদন্ত শুরু হয় কানাডায়। পদ্মা সেতুতে সর্বোচ্চ অর্থায়নকারী সংস্থা বিশ্ব ব্যাংক বিষয়টি জানার পর এই প্রকল্পে অর্থায়ন স্থগিত করে। ফলে দেশের বহুপ্রতীক্ষিত এই সেতুর কাজ আটকে যায়। প্রকল্প ঝুলে যাওযার পর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তের উদ্যোগ নেয় দুদক। এক দফা তদন্তের পর গত ফেব্রুয়ারি মাসে তারা জানায়, মূল সেতু নির্মাণে প্রাকযোগ্য প্রতিষ্ঠান নির্বাচনে কোনো রকম দুর্নীতি হয়নি। তবে পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত চলছে। এই তদন্তের অংশ হিসাবে ইতোমধ্যে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং জাতীয় সংসদের হুইপ নূর আলম চৌধুরী লিটনের ভাই নিক্সন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গোলাম রহমান বলেন, পদ্মা সেতু জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প হওয়ায় তা বাস্তবায়নে প্রতিটি পর্যায়ে পরিপূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়া প্রয়োজন। “প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে নানা অভিযোগ ওঠা অস্বাভাবিক নয়। প্রতিটি অভিযোগই গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন অঙ্গীকারাবদ্ধ।” দুদক চেয়ারম্যান বলেন, কমিশনের পক্ষ থেকে কানাডীয় তদন্ত সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তারা সহযোগিতা দেওয়ার আশ্বাস দেয়। “কানাডীয় তদন্ত সংস্থার কাছ থেকে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যক্তির কথিত দুর্নীতির সঙ্গে জড়িত এমন তথ্য অথবা এই দুর্নীতির অভিযোগ সংক্রান্ত অন্য কোনো তথ্য উপাত্ত পাওয়া যায়নি। তবে যোগাযোগ অব্যাহত আছে,” বলেন তিনি। গোলাম রহমান জানান, পরামর্শক নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত কিছু তথ্য বিশ্ব ব্যাংক দুর্নীতি দমন কমিশনকে দিয়েছে। “এতে সুনির্দিষ্টভাবে কয়েক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। পরামর্শক সংস্থার কাছ থেকে তারা ঘুষ দাবি করেছেন- প্রাপ্ত তথ্য থেকে এই উপসংহারে আসা ঠিক হবে না, আইন ও বিধিসম্মতও হবে না,” যোগ করেন তিনি। রয়্যাল কানাডীয় পুলিশ ইতোমধ্যে সে দেশে এসএনসি-লাভালিন কার্যালয়ে অভিযান চালিয়ে কোম্পানির আন্তর্জাতিক প্রকল্প বিভাগের ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ এবং পরিচালক মোহাম্মদ ইসমাইলকে গ্রেপ্তার করে। বিদেশি কর্মকর্তাদের ঘুষ দেওয়া বা সাধার অভিযোগে ‘করাপশন অব ফরেন অফিশিয়াল’ আইনের আওতায় তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে। আগামী বছর তাদের মামলার প্রাথমিক শুনানি শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৭০৪ ঘ.