ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাণিসম্পদ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের ‘দুর্বলতার’ কারণে দেশে রোগাক্রান্ত মুরগির বাচ্চা ও ডিম আমদানি হচ্ছে বলে জানিয়েছেন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী লতিফ বিশ্বাস।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) মঙ্গলবার কাজী ফার্মের পরিবেশক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “খামারগুলোকে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে নিবন্ধন দেওয়া হয়। রোগাক্রান্ত মুরগির বাচ্চা ও ডিম আমদানির ফলে খামারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। অধিদপ্তরের দায়িত্বশীলদের দুর্বলতার জন্য কিছু ব্যবসায়ীর এ ধরণের তৎপরতা বন্ধ করা যাচ্ছে না। এজন্য দায়ী অধিদপ্তরের কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
খামারশিল্প রক্ষায় জৈব-নিরাপত্তার পাশাপাশি খামারগুলোতে টিকা দেওয়ার কার্যক্রম শুরুর ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, শুধু জৈব-নিরাপত্তা দিয়ে এভিয়ান ইনফ্লুয়েঞ্জাসহ বিভিন্ন রোগ থেকে খামারশিল্প রক্ষা করা সম্ভব নয়। জৈব-নিরাপত্তার নিজেরই নিরাপত্তা নেই। এজন্য টিকা কার্যক্রম শুরু করতে হবে। কারিগরি কমিটি টিকার দেওয়ার পরামর্শ দিয়েছে। শীঘ্রই মন্ত্রিসভায় আলোচনার করে খামারশিল্প রক্ষায় টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।
আসন্ন রমজানকে কেন্দ্র করে ডিম আমদানির অনুমতি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, দেশে উৎপাদিত ডিম দিয়ে অভ্যন্তরীণ চাহিদা মেটানো সম্ভব হয় না। তাই ডিমের দাম বেড়ে গেছে। রোজায় ডিমের দাম নিয়ন্ত্রণে ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তীতে আর ডিম আমদানির অনুমতি দেওয়া হবে না।
তবে কোনোভাবেই বার্ড ফ্লু বা অন্য কোনো রোগাক্রান্ত দেশ থেকে মুরগি বা ডিম আমদানির অনুমতি দেওয়া হবে বলেও জানান তিনি।
খামার থেকে রোগাক্রান্ত মুরগি বিক্রির অভিযোগ প্রসঙ্গে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, গত বছর দেশের খামারগুলোতে ২৭ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের এ অর্থের অর্ধেক সরকার দেয়, বাকিটা দেয় বিশ্ব ব্যাংক। বিভিন্ন জটিলতায় বিশ্বব্যাংকের অর্ধেক টাকা না পাওয়া সময়মতো ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়নি। এজন্য রোগাক্রান্ত মুরগি বাজারে আসতে পারে।
কাজী জাহেদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রাণিসম্পদ সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলী, পাকিস্তান পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান সরোশ আকরাম এবং প্রাণী ও পুষ্টিমান বিপনন বিশেষজ্ঞ মার্ক গ্লাভি, আলভীন পি আরুকান ও মিগুয়েল ডি পলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৭১১ ঘ.
bdnews24