ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংরেজি ও গণিতে পিছিয়ে পড়া মাধ্যমিকের শিক্ষার্থীদের চলতি বছরের বিশেষ ক্লাস আগামী জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, দেশের চারশ’ বিদ্যালয়ের নিজস্ব শিক্ষক ছাড়াও আটশ’ প্রশিক্ষিত (রিসোর্স টিচার) শিক্ষক এই ক্লাস নেবেন।
২০০৯ সাল থেকে ইংরেজি ও গণিতে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করছে সরকার।
প্রতি ক্লাসের জন্য শিক্ষকরা পাঁচশ টাকা পাবেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “এসব শিক্ষকদের জন্য শিক্ষক ম্যানুয়াল এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ বইয়ের ব্যবস্থা করা হয়েছে।”
ইংরেজি ও গণিতে বিশেষ ক্লাস নেওয়ায় এসব বিষয়ে পাশের হার বেড়েছে বলেও দাবি করেন তিনি।
‘সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড এক্সেস এনহ্যান্সমেন্ট (সেকায়েপ)’ প্রকল্পের আওতায় ‘অতিরিক্ত ক্লাস কর্মসূচি বাস্তবায়নের জন্য ইংরেজি ও গণিত বিষয়ে রিসোর্স টিচারদের ছয় দিনব্যাপী প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে রোববার এসব বলেন নুরুল ইসলাম নাহিদ।
এই প্রকল্পের মাধ্যমে ২০০৯ সাল থেকে গত বছরের ৩০ জুন পর্যন্ত দেশের ১২২টি উপজেলায় এক হাজার ৬২১টি বিদ্যালয়ে ১১ লাখ অতিরিক্ত ক্লাস নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সেকায়েপের প্রকল্প পরিচালক মো. শহীদ বখতিয়ার আলমের সভাপতিত্বে প্রকল্পের উপ-পরিচালক অধ্যাপক মো. জুলফিকার রহমান, জাতীয় পরামর্শক সেলিনা আকতার জাহান প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/২২৪২ ঘ.
bdnews24