ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এক সাংবাদিক নেতার ওপর হামলার ঘটনায় সাংবাদিকদের চারটি সংগঠন থেকে এটিএন বাংলার আট কর্মীসহ নয় সাংবাদিককে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রেসক্লাবে চার সংগঠনের নেতারা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত যারা প্রেসক্লাব, বিএফইউজে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য তাদের চিহ্নিত করে নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
এই নয় সাংবাদিক হলেন- এটিএন বাংলার হেড অব নিউজ জ ই মামুন, প্রধান বার্তা সম্পাদক ভানুরঞ্জন চক্রবর্তী, বিশেষ প্রতিনিধি শওকত মিল্টন, কেরামত উল্লাহ বিপ্লব, মানস ঘোষ, নাদিরা কিরণ, মাহামুদুর রহমান, জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম বাবু এবং ভোরের কাগজের প্রতিবেদক শামীম আহমেদ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই নয়জনসহ যারাই হামলার সঙ্গে জড়িত ছিল, ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে যার যার সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এই হামলা ও হাতাহাতির ঘটনা ঘটে।
সাগর-রুনির মৃত্যুর জন্য এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে দায়ী করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এটিএন বাংলা কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণার দাবি জানান।
তার বক্তব্য শেষ করার পর এটিএন বাংলার শওকত মিল্টন তেড়ে গিয়ে বলেন, “কর্মসূচি ঘোষণা করার আপনি কে?”
এ সময় মিল্টন ও এটিএন বাংলার অন্য সাংবাদিকদের সঙ্গে জাহাঙ্গীর আলমের হাতাহাতি হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর দৌঁড়ে প্রেসক্লাবের ভেতরে চলে যেতে চাইলে ধাওয়া করে তার ওপর চড়াও হন এটিএন বাংলার অন্য সাংবাদিকরা।
জাহাঙ্গীর পরে প্রেসক্লাবের ভেতরে গিয়ে অন্য সাংবাদিকদের সঙ্গে নিয়ে এটিএন বাংলার কর্মীদের পাল্টা ধাওয়া করেন। এরপর ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে সাংবাদিক নেতাদের চেষ্টায় পরিস্থিতি শান্ত হয়।
পরে মানববন্ধন শেষে সাংবাদিকদের সংগঠনগুলো প্রেসক্লাবে যৌথ সভা করে দোষীদের বহিষ্কার করার সিদ্ধান্ত নেন।
সাংবাদিকদের চারটি সংগঠনের আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের অংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, “আমরা সাগর রুনিসহ সব সাংবাদিকদের হত্যা নির্যাতনের বিচারের দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু আজকের এ ঘটনা সাংবাদিকদের মধ্যে বিভেদ তৈরি করেছে। একটি কুচক্রি মহল বিভেদ তৈরিতে কাজ করছে।”
হত্যাকাণ্ডের চার মাসেও তদন্তের কোনো সুরাহা না হওয়ার মধ্যে সম্প্রতি মাহফুজুর রহমান লন্ডনে এক অনুষ্ঠানে বলেন, সাগর সরওয়ার ও মেহেরুন রুনি পরকীয়ার বলি।
নিজ প্রতিষ্ঠানের কর্মী রুনি এবং তার স্বামী সাগরের সম্পর্কে এই মন্তব্যে সাংবাদিক মহলে নিন্দার ঝড় ওঠে। তাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবি তোলে সাংবাদিকদের সংগঠনগুলো।
সাংবাদিকদের দাবির মুখে এটিএন বাংলা কার্যালয়ে গিয়ে একটি সিডি এবং কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করে র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএম/জেকে/১৭২০ ঘ.
bdnews24