রংপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোয়েন্দা পুলিশ ও পীরগাছা থানা পুলিশ শনিবার গভীর রাতে রংপুর শহরে অভিযান চালিয়ে আহাদ রায়হান সাজু (৩৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
রংপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. মাহফিজ জানান, পীরগাছা উপজেলার শরীফ সুন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজু ঘটনার পর থেকেই পলাতক ছিলেন।
গত ২১ জুন পীরগাছার সৈয়দপুরে পারুল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আলোচনা সভা চলার সময় প্রতিদ্বন্দ্বী দুটি পক্ষের সংঘর্ষে মফিজুল ইসলামসহ ৫০ জন আহত হন। মফিজুলকে গুরতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর তিনি মারা যান।
পরদিন মফিজুলের ছোট ভাই রেজাউল করিম রেজা বাদী হয়ে ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১১৩৫ ঘ.
bdnews24