ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটিস্টিক শিশুদের মানসিক বিকাশের সঙ্গে সম্পৃক্তদের দক্ষতা বাড়াতে রাজধানীতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শুরু হওয়া এ কর্মশালায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশ থেকে আসা সাড়ে তিনশ’ জন।
তাদের মধ্যে রয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ, বিভিন্ন বিশেষ ও সাধারণ স্কুলের শিক্ষক, শিশু বিশেষজ্ঞ, সমাজকর্মী, মেডিকেল শিক্ষার্থী, থেরাপিস্টসহ এ ধরনের শিশুদের অভিভাবক।
‘অটিজম’ শিশুদের মানসিক বিকাশজনিত একটি রোগ, যার ফলে জন্মের পরে প্রথম তিন বছর শিশুদের মস্তিস্কের স্বাভাবিক বিকাশ ঘটে না। এর ফলে শিশুদের সামাজিক ও অন্যের সঙ্গে যোগাযোগের দক্ষতা ক্ষতিগ্রস্ত হয়।
বিশেষজ্ঞরা বলেন, এসব শিশুরা দৈনন্দিন জীবনে পোশাক পড়া, নিজে নিজে খাওয়া, টয়লেটে যাওয়ার মতো নিয়মিত কাজকর্ম করতে পারে না। অন্যকে দেখে কোনো কাজ শিখে নেওয়ার দক্ষতা গড়ে ওঠে এসব শিশুদের মধ্যে।
তবে ছবি আঁকা, সঙ্গীতের মতো বিভিন্ন বিষয়ে তাদের অসাধারণ প্রতিভা থাকে, যা সাধারণত অপ্রকাশিত থেকে যায়।
বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, অটিজম একটি বিশেষ রোগ যা শনাক্ত ও পরিচর্যার জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। তাই এ বিশ্ববিদ্যালয়ে এটি নিয়ে নিয়মিত আয়োজন রয়েছে।
এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ সহায়তা দিচ্ছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রতি ১০০০ জনের মধ্যে আটজন শিশু অটিস্টিক। যুক্তরাষ্ট্রে এ সংখ্যা প্রতি ৪৪ জনের মধ্যে ১ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/কিউএইচ/এএল/২০২৩ ঘ.
bdnews24